সরকারি ও বিরোধী দলের মধ্যে সংলাপ জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে প্রধান দুই দলের মধ্যে সংলাপ জরুরি বলে মত দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রধান বিরোধী দল বিএনপির দুজন নেতা। গতকাল শনিবার চট্টগ্রামে বিবিসি বাংলাদেশ সংলাপ অনুষ্ঠানে তাঁরা এই মত দেন। অনুষ্ঠানে পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘সংলাপের জানালা নয়, দরজাও খোলা রয়েছে।’ এর আগে বিএনপির ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খান বলেন, ‘সংলাপের গতিবেগ অনেকটা ঝিমিয়ে পড়েছে। জনগণ সংলাপ চায়। সংলাপের জানালা যেন খোলা থাকে।’ নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সন্ধ্যায় অনুষ্ঠিত বিবিসি সংলাপে এই দুই রাজনীতিক ছাড়াও প্যানেল আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতিবিজ্ঞান বিভাগের প্রধান আ ন ম মুনির আহমেদ চৌধুরী ও বাংলাদেশ মহিলা পরিষদের সাবেক সভাপতি নুরজাহান খান। সংলাপ-প্রক্রিয়া থেকে সরকার হঠাৎ পিছিয়ে গেছে কি না, এমন প্রশ্ন উঠলে দুই রাজনীতিকের মধ্যে বিতর্ক শুরু হয়। পরে তাঁরা দুজনই সংলাপের ব্যাপারে তাঁদের নিজ নিজ দল আগ্রহী বলে মত দেন।সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খান বলেন, ‘৯০ শতাংশ লোক নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার চায়। এটা পত্রিকায় ছাপা হয়েছে। যে পত্রিকায় ছাপা হয়েছে, সেটা আমাদের দলীয় পত্রিকা নয়। অনেক জনপ্রিয় পত্রিকা। গণভোট দিয়ে দেখেন, জনগণ কী চায়। তারা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার চায়। আমরা সংলাপে রাজি হয়েছি।’ এর জবাবে হাছান মাহমুদ অভিযোগ করেন, জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে আওয়ামী লীগের ভোটারদের রাখা হয়নি।