সরকারি ও বেসরকারিউদ্যোগে ত্রাণ বিতরণ
সিরাজগঞ্জ, ঠাকুরগাঁও, রংপুর, নওগাঁসহ বন্যাকবলিত বিভিন্ন স্থানে গতকাল শুক্রবার ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারিভাবেও ত্রাণ বিতরণে এগিয়ে এসেছেন অনেকে।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
সিরাজগঞ্জ: জেলার বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের বন্যাদুর্গত তিন হাজার পরিবারের মাঝে গতকাল দুপুরে শুকনো খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকার সাভারের হেমায়েতপুর এলাকার শিল্পপতি জামাল উদ্দিন সরকার, শিল্পপতি আমান উল্লাহ সরকার প্রমুখ।
একই দিন সিরাজগঞ্জের সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ইউনিয়নের কাটেঙ্গা, কাওয়াকোলা ও বেড়াবাড়ী গ্রামের এক হাজার ব্যক্তিকে ১ কেজি করে চাল, ২০০ জনকে শুকনা খাবার (চিড়া, বিস্কুট, চিনি) দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ হাবিবে মিল্লাত, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দীন আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরকার মোহাম্মদ রায়হান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রায়হান কবির প্রমুখ।
ঠাকুরগাঁও: জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনের সামনে গতকাল বিকেলে ত্রাণ বিতরণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ত্রাণসামগ্রী নিয়ে কেউ দুই নম্বরি করলে কঠিন শাস্তি দেওয়া হবে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আবদুল আওয়াল সভাপতিত্ব করেন। বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব গোলাম মোস্তফা, মহাপরিচালক রিয়াজ আহমেদ, ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ মো. ইয়াসিন আলী, সংরক্ষিত নারী আসনের সাংসদ সেলিনা জাহান প্রমুখ। অনুষ্ঠানে ঠাকুরগাঁও পৌর এলাকার বন্যাদুর্গত ৪৮০টি পরিবারের মাঝে চাল, ডাল, লবণ, তেলসহ ১০টি পণ্যের প্যাকেট বিতরণ করা হয়।
বদরগঞ্জ (রংপুর): এউপজেলায় গতকাল পর্যন্ত তিন দিনে সরকারিভাবে ১৫ টন ও উপজেলা পরিষদ থেকে ১০ টন চাল ও চিড়া-গুড় বিতরণ করা হয়েছে। এ ছাড়া পৌরসভার তহবিল থেকে পৌর এলাকার বন্যার্ত ব্যক্তিদের মাঝে সাত লাখ টাকার চাল ও ডাল বিতরণ করা হয়েছে। বাঁধের ভাঙন ঠেকানোর কাজে এক লাখ টাকা ব্যয় করেছে পৌরসভা।
এ ছাড়া বদরগঞ্জ ও তারাগঞ্জের বিভিন্ন এলাকায় গত তিন দিনে নগদ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার ত্রাণসামগ্রী বিতরণ করেছেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিশ্বনাথ সরকার। বদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টুটুল চৌধুরী ব্যক্তিগতভাবে এ দুই উপজেলায় ১০ টন চাল ও লক্ষাধিক টাকা বিতরণ করেছেন। সাবেক সাংসদ আনিছুল ইসলাম মণ্ডল ২০ টন চাল ও ১৬ টন আলু বিতরণ করেছেন। বর্তমান সাংসদ আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরীও বিচ্ছিন্নভাবে ত্রাণ বিতরণ করেছেন।
আত্রাই (নওগাঁ): রাজশাহী বিভাগীয় কমিশনার নূর উর রহমান গতকাল নওগাঁর আত্রাই উপজেলার বন্যাদুর্গত বিভিন্ন এলাকায় নৌকা নিয়ে গিয়ে ত্রাণসামগ্রী বিতরণ করেন। চিড়া, গুড়, পানি বিশুদ্ধকরণের বড়ি, মোমবাতি, দেশলাই ও নগদ টাকা বিতরণ করা হয়। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জেলা প্রশাসক আমিনুর রহমান, আত্রাইয়ের ইউএনও মো. মোখলেছুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান এবাদুর রহমান প্রমুখ।