সরকারি ওষুধ উদ্ধার দুজন কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে পরিবার পরিকল্পনা বিভাগের সরকারি ওষুধ পাচারের সময় গত বৃহস্পতিবার রাতে আনিসুর রহমান নামের এক কলেজছাত্রকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার তথ্য অনুসারে পরিকল্পনা বিভাগে কর্মরত মাঠ পরিদর্শক শামসুন্নাহার বেগমকে গ্রেপ্তার করা হয়। এলাকাবাসী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে শহরের কালীবাড়ি এলাকায় এস এ পরিবহনের কার্যালয় থেকে একটি বড় কার্টনে (বাক্স) ভরে ওষুধগুলো বুকিং দেওয়ার সময় পুলিশ আনিসুরকে গ্রেপ্তার করে। জাতীয় নিরাপত্তা বিভাগের (এনএসআই) দেওয়া তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য ও কার্টনের ঠিকানা দেখে রাতেই শহরের নগুয়া বটতলা এলাকায় শামসুন্নাহারের বাসা থেকে আরও এক কার্টন ওষুধ উদ্ধার করা হয়। এ সময় শামসুন্নাহারকেও গ্রেপ্তার করা হয়। ওই ওষুধের দাম প্রায় ছয় লাখ টাকা। আনিসুর এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। তার বাবা হারুনুর রশিদ নগুয়া বটতলা এলাকার একজন ঠিকাদার।কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, প্রাথমিক তদন্তে দেখা গেছে, পরিবার পরিকল্পনা বিভাগ থেকে ওষুধগুলো সরানো হয়েছে। ওষুধের চালানটি চট্টগ্রামের হাজারী লেনে আনোয়ার মেডিকেল নামে একটি ফার্মেসিতে পাঠানোর জন্য বুকিং দেওয়া হয়েছিল। জিজ্ঞাসাবাদে আনিসুর রহমান জানায়, তার বাবার (হারুনুর রশিদ) নির্দেশে ওষুধের কার্টনটি এস এ পরিবহনে বুকিং দেয় সে। তবে ওষুধের উৎস সম্পর্কে তার কিছু জানা নেই। ঘটনার পর থেকে ঠিকাদার হারুনুর রশিদ পলাতক রয়েছেন।