সরকারি ওষুধ পাচারকালে কর্মকর্তাকে গণপিটুনি
বরিশালের উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের মশাং উপস্বাস্থ্যকেন্দ্র থেকে রাতে সরকারি ওষুধ পাচারকালে একজন চিকিৎসা কর্মকর্তাসহ দুজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।তাঁরা হলেন উপস্বাস্থ্যকেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আবুল কালাম আজাদ ও ওষুধ ব্যবসায়ী মো. শামছুল হক।বরিশালের সিভিল সার্জন মিজানুর রহমান বিভাগীয় বিচার করা হবে—এমন মুচলেকা দিয়ে আবুল কালাম আজাদকে উজিরপুর থানা থেকে ছাড়িয়ে নেন। এ ঘটনায় তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন এবং ইতিমধ্যে আবুল কালাম আজাদকে প্রত্যাহার করা হয়েছে। সরকারি ওষুধ পাচারের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে স্থানীয় লোকজন বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিক্ষোভ এবং উপস্বাস্থ্যকেন্দ্র ঘেরাও করে। ওই দিন বিকেলে সিভিল সার্জন ঘটনাস্থল পরিদর্শন করেন।প্রত্যক্ষদর্শী, পুলিশ, স্থানীয় লোকজন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওটরা ইউনিয়নের মশাং উপস্বাস্থ্যকেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আবুল কালাম আজাদ ওষুধ ব্যবসায়ী মো. শামছুল হকের কাছে উপস্বাস্থ্যকেন্দ্রের কিছু ওষুধ বিক্রি করেন। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে আবুল কালাম আজাদ ও মো. শামছুল হক দুটি কার্টনে করে ওষুধ নিয়ে রওনা হন। তাঁরা বাজারের কাছে পৌঁছালে স্থানীয় লোকজন ও ব্যবসায়ীদের সন্দেহ হয়। তাঁরা চ্যালেঞ্জ করলে ওষুধ ফেলে ওই দুজন পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন ওই দুজনকে গণপিটুনি দিয়ে উপস্বাস্থ্যকেন্দ্রে আটকে রাখেন এবং পুলিশকে খবর দেন।উজিরপুর থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, রাত ১২টার দিকে ঘটনাস্থল থেকে ওই দুজনকে উদ্ধার করে থানায় আনা হয়। পরে সিভিল সার্জন মিজানুর রহমান ও উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবারপরিকল্পনা কর্মকর্তা সুনীল চন্দ্র দাস বিভাগীয় বিচারের মুচলেকা দিয়ে আবুল কালামকে ছাড়িয়ে নেন। তবে শামছুল হককে তাঁর আত্মীয়স্বজনের জিমঞ্চায় দেওয়া হয়েছে।মো. শামছুল হক বলেন, ‘এর আগে আমি দুবার আবুল কালামের কাছ থেকে ওষুধ কিনেছি।’ আবুল কালাম আজাদ বলেন, ‘বিক্রয় প্রতিনিধিদের কাছ থেকে পাওয়া কিছু নমুনা ওষুধ বিক্রি করতে গিয়ে আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি।’সিভিল সার্জন মিজানুর রহমান বলেন, প্রাথমিকভাবে আবুল কালামকে প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবারপরিকল্পনা কর্মকর্তা মো. নুরুল ইসলামকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত করে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।