সরকারি ওষুধের বিক্রি ঠেকাতে বিশেষ ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাসপাতালের বাইরে সরকারি ওষুধের বিক্রি ঠেকাতে বিশেষ চিহ্নযুক্ত মোড়ক ব্যবহার করা হবে। অন্য কোনো ওষুধের প্রতিষ্ঠান এ ধরনের মোড়ক ব্যবহার করতে পারবে না। আগামী মাস থেকেই সব সরকারি হাসপাতালে এই বিশেষ মোড়কে সরকারি ওষুধ পৌঁছে যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক।গতকাল মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির চার দিনব্যাপী ২৩তম বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব তথ্য জানান। এ ছাড়া প্রযুক্তির উৎকর্ষ ও জীবনের গতিময়তার সঙ্গে দুর্ঘটনাজনিত মৃত্যু ও অসুস্থতার হার বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি।স্বাস্থ্যমন্ত্রী বলেন, জেলা সদরের হাসপাতালগুলোতে অর্থোপেডিক, ট্রমা ও সার্জারি বিভাগের জরুরি ও সাধারণ চিকিৎসাসেবার নিশ্চয়তা দেবে সরকার। প্রাথমিক অর্থোপেডিক ও ট্রমা সার্জারির প্রয়োজনীয় উপকরণ যেন সব সরকারি হাসপাতালে থাকে, সে বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। সভা শেষে বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির পক্ষ থেকে স্বাস্থ্যমন্ত্রীকে ডা. আর জে গার্স্ট মেমোরিয়াল পদক দেওয়া হয়।সোসাইটির সভাপতি মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে এ বৈজ্ঞানিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) মুজিবুর রহমান ফকির, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক শাহ মনির হোসেন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব শারফুদ্দিন আহমেদ, সোসাইটির মহাসচিব মো. সাজ্জাদ হোসেন এবং সম্মেলন আয়োজক কমিটির চেয়ারম্যান মো. ইকবাল কাভি।