সরকারি কবজায় নষ্ট হতে পারে গ্রামীণ ব্যাংক
আইন সংশোধন করায় গ্রামীণ ব্যাংক নিয়ে নতুন শঙ্কা দেখা দিয়েছে। গ্রামীণ ব্যাংকের পরিচালকেরা সরকারের পছন্দ অনুযায়ী পদক্ষেপ না নেওয়ায় সরকার পরিচালক নির্বাচন-পদ্ধতিই বদলে দিয়েছে। এতে ভিন্ন ধারার এই ব্যাংকটিতে রাজনীতিকীকরণের সুযোগ তৈরি করে দেবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস গতকাল বুধবার নতুন এই আইনের নিন্দা জানিয়ে বলেছেন, এর ফলে প্রতিষ্ঠানটি ধংস হয়ে যাবে।
রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিটি ব্যাংক পরিচালনায় চরম ব্যর্থতা দেখিয়েছে সরকার। বাংলাদেশ শিল্প ব্যাংক ও শিল্প ঋণ সংস্থা আগেই ধ্বংস হয়ে গেছে। দেশের সবচেয়ে বড় ব্যাংক সোনালী ও জনতায় একাধিক আর্থিক কেলেঙ্কারির ঘটনা ঘটেছে। এসব ব্যাংককে টিকিয়ে রাখতে নতুন করে পাঁচ হাজার কোটি টাকা সরকারকেই দিতে হচ্ছে। একসময়ের ভালো ব্যাংক বেসিক ব্যাংকও এখন চরম সংকটের মধ্যে। এর পরও গ্রামীণ ব্যাংককেও পুরোপুরি সরকারি কবজায় নিতে আইনের বড় সংশোধন করল সরকার। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান বলেন, সরকার ঢুকে পড়লে ব্যাংকটির আস্থায় চির ধরতে পারে। আর আস্থায় চির ধরলে ব্যাংকটি নষ্ট হয়ে যাবে। সরকার যেখানেই হাত দিয়েছে, সেটাই নষ্ট হয়েছে। সরকারি ব্যাংকগুলোর পর্বতপ্রমাণ দুর্নীতিই তার সেরা উদাহরণ।
গত মঙ্গলবার জাতীয় সংসদে নতুন আইনটি পাস হয়েছে। পাস হওয়া আইনের ৯ নম্বর ধারা অনুযায়ী, ১২ সদস্যের গ্রামীণ ব্যাংকের পর্ষদে সরকার তিনজনকে নিয়োগ দেবে। ঋণগ্রহীতা শেয়ারধারীদের থেকে নির্বাচিত হবেন বাকি নয়জন। এই ঋণগ্রহীতা শেয়ারধারীদের থেকে পরিচালক নির্বাচনের পুরো কাজটি করবে সরকার। আগে করত গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নির্বাচন করবে পর্ষদ। তার আগে একটি বাছাই কমিটি গঠন করা হবে। ওই কমিটি তিনজন প্রার্থীর একটি প্যানেল করবে। বাংলাদেশ ব্যাংকের অনুমোদনক্রমে নির্বাচিত হবেন এমডি। বাছাই কমিটি গঠন করা হবে কমপক্ষে তিনজন এবং সর্বোচ্চ পাঁচজন সদস্যের সমন্বয়ে।
গত সপ্তাহে গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যরা সংবাদ সম্মেলন করে বলেছে, নতুন আইনের ফলে পরিচালক নির্বাচনের জন্য প্রতিটি কেন্দ্রে ৩০ থেকে ৪০ হাজার জন ভোটার হবেন। সেখানে আওয়ামী লীগ, বিএনপি বা জামায়াতের মতো রাজনৈতিক দলের ব্যানারে প্রার্থী হওয়ার সুযোগ থাকবে। গ্রামীণ ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম শাহজাহান একই সংবাদ সম্মেলনে বলেছেন, এক প্যানেল হারলে অন্য প্যানেল অসহযোগিতার পরিবেশ সৃষ্টি করতে পারে। গোটা বিষয়টিই গ্রামীণ ব্যাংকের চরিত্রের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তা ছাড়া পরিচালক নির্বাচন হবে সরকারের তত্ত্বাবধানে, গ্রামীণ ব্যাংকের কর্মীদের মাধ্যমে নয়। ফলে যে সুশৃঙ্খল কাঠামোর ওপর ভিত্তি করে গ্রামীণ ব্যাংক চলে আসছে, তা ভেঙে পড়ার শঙ্কা দেখা দিয়েছে।
ড. ইউনূস সরে যাওয়ার পর থেকে গ্রামীণ ব্যাংকে কোনো ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিতে পারেনি সরকার। গত জুলাইয়ে সরকারের নিয়োগ করা চেয়ারম্যানও পদত্যাগ করেছেন। তার পরও আগের তুলনায় বেশি মুনাফা করছে গ্রামীণ ব্যাংক। ঋণ আদায়ও আগের তুলনায় ভালো। গ্রামীণ ব্যাংক পরিচালনায় কোনো সমস্যার কথাও সরকারকে বলা হয়নি। অথচ গ্রামীণ ব্যাংকের সেই সফল কাঠামোই নষ্ট হয়ে যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গ্রামীণ ব্যাংক লোকসানি ব্যাংক নয়, ধার করেও চলে না। সরকারকে কোনো টাকা দিতে হয় না। বিতরণ করা ঋণও প্রায় সব আদায় হয়। এটাই কি এই ব্যাংকের ব্যর্থতা?—এ প্রশ্ন রেখে আকবর আলি খান বলেন, ‘বলা হয় গ্রামীণ ব্যাংকে সুদের হার বেশি। কিন্তু সরকারি ব্যাংকে যে ঘুষের হার বেশি?’
এদিকে পাস হওয়া আইন অনুযায়ী, ৭৫ শতাংশ শেয়ার থাকবে গ্রামীণ ব্যাংকের হাতে, আর ২৫ শতাংশ সরকারের হাতে। এটি আগেও ছিল। তবে সরকারের শেয়ার ছিল মাত্র ৩ শতাংশ। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান নিজেও একসময় গ্রামীণ ব্যাংকের সরকার মনোনীত চেয়ারম্যান ছিলেন। এ বিষয়ে তিনি বলেন, বাস্তবে ৯৭ শতাংশেরই মালিক গ্রামীণ ব্যাংক। ব্যাংকটিকে পুরোপুরিই গ্রামীণ ব্যাংকের হাতে ছেড়ে দেওয়া উচিত ছিল। যেভাবে উত্তরা ব্যাংক বা পূবালী ব্যাংক ছেড়ে দেওয়া হয়েছে। গ্রামীণ ব্যাংক সৃষ্টির দর্শনটি ছিল এ রকমই। কিন্তু সরকার তা থেকে সরে এসেছে।