সরকারি কমিটির তদন্ত প্রতিবেদন দাখিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামুতে গত ২৯ ও ৩০ সেপ্টেম্বর বৌদ্ধমন্দির এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় নেওয়া পদক্ষেপ এবং সরকারের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আদালতে দাখিল করেছে রাষ্ট্রপক্ষ। গতকাল মঙ্গলবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে প্রতিবেদনটি দাখিল করা হয়। আদালত ১৩ নভেম্বর পরবর্তী দিন ধার্য করেছেন। ওই ঘটনা নিয়ে রামু উপজেলার বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়ার করা এক রিট আবেদনের শুনানি নিয়ে ৩ অক্টোবর হাইকোর্ট রুল জারির পাশাপাশি অন্তর্বর্তীকালীন নির্দেশনা দিয়েছেন। সারা দেশের সব ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্রসচিব ও পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে ওই ঘটনায় নেওয়া পদক্ষেপ এবং তদন্ত কমিটির প্রতিবেদন দাখিল করতে সময় বেঁধে দিয়ে ১৭ অক্টোবর দিন ধার্য করা হয়। ওই দিন রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন জানালে আদালত দুই সপ্তাহ সময় মঞ্জুর করেন। গতকাল রাষ্ট্রপক্ষ হলফনামা আকারে প্রতিবেদন দাখিল করে। আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন সরকার শুনানি করেন। রিট আবেদনের পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী বি এম ইলিয়াস ও জ্যোতির্ময় বড়ুয়া। পরে আল আমিন সরকার প্রথম আলোকে বলেন, সরকার কর্তৃক গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন এবং আদালতের নির্দেশ অনুসারে ওই ঘটনার পরিপ্রেক্ষিতে সরকারের নেওয়া পদক্ষেপ আদালতে হলফনামা আকারে দাখিল করা হয়েছে। ১৩ নভেম্বর পরবর্তী আদেশের জন্য আদালত দিন ধার্য করেছেন। প্রতিবেদনে বৌদ্ধপল্লি ও মন্দিরে হামলা, অগ্নিসংযোগের ঘটনায় জড়িত হিসেবে ২০৫ জনকে শনাক্ত করা হয়েছে। সর্বসাকল্যে আনুমানিক মোট আট কোটি ২৯ লাখ ৬২ হাজার টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়া অনেক দুর্লভ ও দুষ্প্রাপ্য নিদর্শন, মূর্তি ভস্মীভূত, বিনষ্ট, চুরি ও ক্ষতিগ্রস্ত হয়েছে, যা আর্থিকমূল্যে নিরূপণযোগ্য নয়।