সরকারি কর্মকমিশনের হস্তক্ষেপ চান না নার্সরা

দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা পেলেও নিয়োগের ক্ষেত্রে সরকারি কর্মকমিশনের হস্তক্ষেপ মানতে চাইছেন না ডিপ্লোমা নার্সরা। গতকাল রোববার ডিপ্লোমা নার্সদের দুটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি জমা দিয়েছে।
২০১৪ সালে প্রধানমন্ত্রী ১০ হাজার নার্সের পদ সৃষ্টি ও নিয়োগের ঘোষণা দেন। সম্প্রতি মন্ত্রিপরিষদের সভায় নার্সদের চাকরির বয়স প্রমার্জন করে ৩০ বছর থেকে বাড়িয়ে ৩৬ বছর করা হয় এবং আগের মতো ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগের সিদ্ধান্ত হয়।
বেকার ডিপ্লোমা নার্সদের প্রতিনিধি রফিকুল ইসলাম স্বাস্থ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি দিতে এসে প্রথম আলোকে বলেন, ৮ ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সভায় সিদ্ধান্ত হয়েছে, বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) ২২ ডিসেম্বর ১০ হাজার নার্স নিয়োগে প্রথম স্তরের নিয়োগ বিজ্ঞপ্তি দেবে। এর আগে দুই দফায় নার্সরা নিয়োগ পেয়েছিলেন ব্যাচ, জ্যেষ্ঠতা ও মেধা অনুযায়ী। এতে পিএসসি হস্তক্ষেপ করেনি।