সরকারি কর্মকর্তা আওলাদ কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় করা হত্যা মামলায় গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা আওলাদ হোসেনকে গতকাল সোমবার কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। পরে তাঁকে কারাগারে নেওয়া হয়। তিনি এত দিন পলাতক ছিলেন।
গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ইমারত পরিদর্শক আওলাদ হোসেন গতকাল ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। বিচারিক হাকিম শাহাজাদী তাহমিদা জামিনের আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে আগামী ৩ মার্চ।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আনোয়ারুল কবির প্রথম আলোকে বলেন, গত বছরের ১ জুন রানা প্লাজা ধসের ঘটনায় করা হত্যা ও ইমারত নির্মাণ আইনের মামলায় ওই ভবনের কর্ণধার সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অভিযোগপত্রভুক্ত আসামিদের মধ্যে চারজন সরকারি কর্মকর্তা রয়েছেন। সরকারি কর্মকর্তাদের মধ্যে আওলাদ হোসেন গতকাল আত্মসমর্পণ করেন। আদালতের নথিতে পলাতক অপর তিন সরকারি কর্মকর্তা হলেন শ্রম মন্ত্রণালয়ের ইউসুফ আলী, শহীদুল ইসলাম ও জামশেদুর রহমান। তাঁদের মধ্যে ইউসুফ আলী মানিকগঞ্জে ও শহীদুল ইসলাম গাজীপুরে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের উপপ্রধান পরিদর্শক পদে কর্মরত। জামশেদুর রহমান ইতিমধ্যে অবসরে গেছেন।
আদালত সূত্র বলেছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয় অনুমতি না দিলেও আদালত গত বছরের ২১ ডিসেম্বর চার সরকারি কর্মকর্তাসহ ৪১ জনের বিরুদ্ধে হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণ করে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর বিভিন্ন সময়ে নয়জন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত আবেদনগুলো নাকচ করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এ মামলায় বর্তমানে জামিনে আছেন ১৬ জন। আওলাদ হোসেনসহ কারাগারে আছেন ১১ জন। পলাতক রয়েছেন সরকারি তিন কর্মকর্তাসহ ১৪ জন।
২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে পড়লে ১ হাজার ১৩৪ জনের প্রাণহানি হয়। তাঁদের অধিকাংশই তৈরি পোশাকশ্রমিক। ওই ঘটনায় আহত হন প্রায় দুই হাজার লোক।