পাবনার ঈশ্বরদীতে গতকাল বুধবার দ্রুতগামী বাসচাপায় আলমগীর মিয়া (৪৯) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি ঈশ্বরদীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা।
একই দিন জেলার কাশীনাথপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন এক ইউপি সদস্য। তাঁর নাম মঞ্জুর আলম (৬৫)। তিনি বেড়ার মাসুমদিয়া ইউনিয়ন পরিষদের চলতি মেয়াদের সদস্য।
নিহত আলমগীর মিয়ার বাড়ি বগুড়ার সোনাতলীতে। তাঁর স্ত্রী ও দুই সন্তান রয়েছে। তিনি চাকরির সুবাদে ঈশ্বরদী উপজেলা পরিষদের আবাসিক ভবনে থাকতেন। ঈশ্বরদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও পুলিশ জানায়, উপজেলার কালিকাপুর দিকশাইল গ্রামে মাঠ দিবস ও কৃষি প্রদর্শনী অনুষ্ঠান শেষে গতকাল বিকেলে মোটরসাইকেলে করে ঈশ্বরদীতে ফিরছিলেন আলমগীর মিয়া ও খুরশীদ আলম। আলমগীর মিয়া মোটরসাইকেল চালাচ্ছিলেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে ঈশ্বরদীর কালিকাপুর বাজার মসজিদের কাছে একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। গুরুতর আহত দুজনকে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে আলমগীর মিয়াকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বেড়ায় নিহত ইউপি সদস্য মঞ্জুর আলমের বাড়ি উপজেলার রতনগঞ্জ গ্রামে। তিনি একজন মুক্তিযোদ্ধা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঞ্জুর আলম মোটরসাইকেলে করে বেড়া থেকে কাশীনাথপুর যাচ্ছিলেন। বিকেল সাড়ে তিনটার দিকে কাশীনাথপুর মোড়ে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তাঁর সংঘর্ষ হয়। এতে মঞ্জুর আলম রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।