সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে মজীনার মতবিনিময়
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, ‘আমার কাছে খবর আছে, সরকার পার্বত্য চট্টগ্রামে উচ্চশিক্ষার জন্য একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু একটি পক্ষ থেকে বারবার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় বাধা আসছে।’ গতকাল মঙ্গলবার খাগড়াছড়ির দীঘিনালায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।মার্কিন রাষ্ট্রদূত বলেন, তিনি বাংলাদেশের বাস্তব পরিস্থিতি জানতে চান। সে জন্যই ঢাকার বাইরে গেছেন। তিনি বলেন, মতবিনিময় সভায় সবার সঙ্গে খোলামেলা আলোচনা হওয়ায় বাংলাদেশের বাস্তব পরিস্থিতি বোঝা তাঁর পক্ষে সহজ হয়েছে। সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ধর্মবীর চাকমা বলেন, এ উপজেলাসহ পার্বত্য চট্টগ্রামের মূল সমস্যা হচ্ছে ভূমিবিরোধ। আগে ভূমিবিরোধ নিষ্পত্তি করে তারপর ভূমি জরিপ করতে হবে। মেরুং ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মোসলেম উদ্দিন বলেন, ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনে পাহাড়ি-বাঙালি উভয় সম্প্রদায়ের প্রতিনিধিত্ব প্রয়োজন। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুপ্রিয় চাকমা বলেন, এ উপজেলার কয়েক শ পরিবার ভারত থেকে স্বেচ্ছায় প্রত্যাবর্তন করেছিল। কিন্তু তারা কোনো সরকারি সুযোগ-সুবিধা পায় না। এসব পরিবারের জন্য রেশনের ব্যবস্থা করা প্রয়োজন।মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পি কে এম এনামুল করিম, মার্কিন দূতাবাসের প্রেস শাখার প্রধান মেরিনা ইয়াসমিন। সভা শেষে মার্কিন রাষ্ট্রদূত উপজেলার ভগীরথপাড়ার ভারত প্রত্যাগত শরণার্থী গ্রাম পরিদর্শনে যান।