কিশোরী হত্যার অভিযোগে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপসচিব সোলায়মান মণ্ডল ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে প্রায় দেড় মাস আগে। এ ঘটনার কয়েক দিন পর একই মন্ত্রণালয়ের আরেক উপসচিব রাশেদুল ইসলামের স্ত্রী শারমিনা রহমানে বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগে মামলা হয়। কিন্তু পুলিশ এ মামলার কোনো আসামিকে গ্রেপ্তার করেনি। খোঁজাখুঁজির মধ্যেই আসামিরা উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন। গোপালগঞ্জের ভারপ্রাপ্ত পুলিশ সুপারের স্ত্রী চুমকি বেগমকে এভাবেই খুঁজে চলেছে পুলিশ।তিলে তিলে মরেছে নূরজাহান: পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপসচিব সোলায়মান মণ্ডলের বিরুদ্ধে কিশোরী কন্যাকে হত্যার অভিযোগ এনে ১৯ জুলাই রাজধানীর পল্টন থানায় মামলা করেন নিহত নূরজাহানের বাবা নূর ইসলাম। এই মামলায় সোলায়মানের পরিবারকেও আসামি করা হয়। মামলা দায়েরের পর রাজধানীর পল্টন ও রংপুরের কোতোয়ালি থানার পুলিশ সাংবাদিকদের জানিয়েছিল, নূরজাহান নামের ১৩ বছরের ওই গৃহকর্মীকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। তার লাশটি রংপুরের গ্রামের বাড়িতে কোনো রকমে গছিয়ে দিতে চেয়েছিলেন উপসচিব। পরে রংপুর কোতোয়ালি থানার পুলিশের সন্দেহ হওয়ায় ময়নাতদন্ত করা হয়। পুলিশের ধারণা, তাকে দিনের পর দিন না খেতে দিয়ে মেরে ফেলা হয়েছে।পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল হক প্রথম আলোকে জানান, সোলায়মান মণ্ডল ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তারের আগেই তাঁরা হাইকোর্ট থেকে জামিন পান। এখন পুলিশের আর কিছুই করার নেই। শরীরে নির্যাতনের চিহ্ন তাহমিনার: এর কয়েক দিন পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা এবং বর্তমানে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপসচিব রাশেদুল ইসলামের স্ত্রী শারমিনা রহমানের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ ওঠে। এ অভিযোগে ২৮ জুলাই রাজধানীর মোহাম্মদপুর থানায় মামলা করে নির্যাতিত গৃহকর্মী তাহমিনা (১৪)। তাহমিনা পুলিশের কাছে অভিযোগ করে, পান থেকে চুন খসলেই গৃহকর্ত্রী তার ওপর চড়াও হতেন। একবার তরকারিতে বেশি তেল দেওয়ার কারণে তার মাথায় ঢেলে দেওয়া হয়েছিল সয়াবিন তেল। বেশি টিভি দেখে বলে চোখের ভেতরে আঙুল ঢুকিয়ে দেন গৃহকর্ত্রী। পুলিশের কাছে অভিযোগ করার সময় মেয়েটির সারা গায়েই ছিল নির্যাতনের চিহ্ন।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুল আবছার প্রথম আলোকে জানান, রাশেদুল ইসলামের স্ত্রী শারমিনা হাইকোর্ট থেকে জামিন নিয়ে এসেছেন। নির্যাতিত মেয়েটি কয়েক দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ছিল। এখন তার বাবা আর মামলা চালাতে উৎসাহী নন। যোগাযোগ করে তাঁকে পাওয়া যাচ্ছে না। পুলিশের স্ত্রীকে শুধু খুঁজছে পুলিশ: সর্বশেষ গৃহকর্মী নির্যাতনের অভিযোগ ওঠে গোপালগঞ্জের ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) সরদার রোকনুজ্জামানের স্ত্রী চুমকি বেগমের বিরুদ্ধে। এ অভিযোগে ২২ আগস্ট রাজধানীর পল্টন থানায় মামলা করেন গৃহকর্মী পারভিনের বাবা শাবান আলী ফকির।এ বিষয়ে পল্টন থানার ওসি জানান, গোপালগঞ্জের ভারপ্রাপ্ত পুলিশ সুপার সরদার রোকনুজ্জামানের স্ত্রী চুমকি বেগমকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। ওসি বললেন, ‘তাঁকে খোঁজা হচ্ছে।’