সরকারি কর্মকর্তা ও রাজনীতিকের বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর শহরে গতকাল বুধবার দিনের বেলায় এক সরকারি কর্মকর্তার বাড়িতে ডাকাতি হয়েছে। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় গত মঙ্গলবার দিবাগত রাতে জাসদের এক নেতার বাড়িতে ডাকাতি হয়েছে।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নগরকান্দা কার্যালয়ের সহকারী হিসাবরক্ষক আবদুল মান্নান ফরিদপুর শহরের রঘুনন্দনপুরে বিসিক আবাসিক এলাকায় ভাড়া বাসায় থাকেন। গতকাল বেলা একটার দিকে তিন-চারজন ডাকাত তাঁদের বাসায় ঢুকে মান্নানের পুত্রবধূ তামান্নাকে (২০) রশি দিয়ে বেঁধে খাটের নিচে ফেলে রাখে। পরে তারা আলমারির তালা ভেঙে চার ভরি স্বর্ণালংকার ও সাত হাজার টাকা নিয়ে যায়। এ সময় মান্নানের স্ত্রী সুফিয়া বেগম ও তাঁর ছেলে বাসায় ছিলেন না। ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক নিখিল অধিকারী জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা শাখার সভাপতি সুলতান আহমেদের বাঁশবুনিয়া গ্রামের বাড়িতে গত মঙ্গলবার দিবাগত রাতে ডাকাতি হয়েছে। রাত পৌনে দুইটার দিকে আটজন ডাকাত দরজা ভেঙে ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের বেঁধে ফেলে। পরে তারা আলমারি ভেঙে পাঁচ হাজার ৩০০ টাকা, ১৪ ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে সুলতানের বাড়ির তত্ত্বাবধায়ক সোনা খাঁর স্ত্রী রাজিয়া বেগম (৪৫) আহত হন। স্থানীয় মিরুখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুস সোবাহান ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।