সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দখলে ১২৮টি সরকারি বাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমানে দেশের ১২৮টি সরকারি বাড়ি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অবৈধ দখলে আছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। জাতীয় সংসদে গতকাল সোমবার সরকারি দলের এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী জানান, এসব বাড়ির মধ্যে এফ শ্রেণির একটি, সুপিরিয়র শ্রেণির দুটি, ই শ্রেণির ১২টি, সংরক্ষিত ৫৩টি, ডি শ্রেণির ৫৬টি এবং অস্থায়ী চারটি বাড়ি রয়েছে। কর্মকর্তা-কর্মচারীরা আদালতে মামলা করে এসব বাড়িতে বসবাস করছেন। মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য দুজন বেসরকারি আইনজীবী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বেলা পৌনে ১১টার দিকে সংসদের অধিবেশন শুরু হলে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
নুরুল ইসলাম মিলনের প্রশ্নের জবাবে গণপূর্তমন্ত্রী জানান, বর্তমানে দেশে পরিত্যক্ত বাড়ির সংখ্যা ১০ হাজার ৩৪৭। এর মধ্যে ঢাকায় আছে ৬ হাজার ৪০৬টি। এর মধ্যে বিক্রির তালিকায় আছে ৪ হাজার ৭৮২টি, অবৈধ বসবাসকারীদের দখলে আছে ৬৬টি এবং ৯৯৯টি বাড়ি নিয়ে মামলা চলমান। এর বাইরে নারায়ণগঞ্জে ৬২, গাজীপুরে ৩, নরসিংদীতে ২, রাজবাড়ীতে ৩৬, রাজশাহীতে ২২৮, নাটোরে ৭, চাঁপাইনবাবগঞ্জে ১৬, নওগাঁয় ৩০, পাবনায় ১২৩, সিরাজগঞ্জে ১৩, বগুড়ায় ২৮০, জয়পুরহাটে ১, খুলনায় ১ হাজার ৪২১, বাগেরহাটে ১, যশোরে ৯২, কুষ্টিয়ায় ৫০৭, চুয়াডাঙ্গায় ২৭, চট্টগ্রামে ৩৫৩, কুমিল্লায় ৩, কক্সবাজারে ১, সিলেটে ৪, রংপুরে ৪২, দিনাজপুরে ৩৭৮, নীলফামারীতে ২২৩, কুড়িগ্রামে ১৭, ঠাকুরগাঁওয়ে ৯, লালমনিরহাটে ১০৮ ও গাইবান্ধায় ২১টি পরিত্যক্ত বাড়ি রয়েছে।
মন্ত্রী আরও জানান, এসব বাড়ি কেবল মুক্তিযুদ্ধে শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের মধ্যে বরাদ্দ দেওয়া হয়ে থাকে। অন্যদের বরাদ্দ দেওয়ার কোনো বিধান নেই।
মুহাম্মদ মিজানুর রহমানের প্রশ্নের জবাবে মোশাররফ হোসেন জানান, খুলনা শহরে ১৪টি বেশ ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা আছে।
মুহিবুর রহমানের প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান জানান, দেশে কিন্ডারগার্টেন স্কুলের সংখ্যা ১৮ হাজার ৩১৮। আ খ ম জাহাঙ্গীর হোসাইনের প্রশ্নের জবাবে তিনি জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ১৬ হাজার ৬০৩টি প্রধান শিক্ষকের পদ এবং ৪৪ হাজার ৯৫টি সহকারী শিক্ষকের পদ শূন্য আছে।
আ ফ ম বাহাউদ্দিন নাছিমের প্রশ্নের জবাবে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ জানান, ঢাকার বিমানবন্দর এলাকা, হোটেল র্যা ডিসন, দূতাবাস ও কূটনৈতিক এলাকা, বেইলি রোড, রূপসী বাংলা হোটেল (বর্তমানে ইন্টারকন্টিনেন্টাল) ও সোনারগাঁও হোটেল এলাকাকে ভিক্ষকমুক্ত ঘোষণা করা হয়েছে। ২০১৫-১৬ অর্থবছরে গোপালগঞ্জ, সুনামগঞ্জ ও নড়াইলে ভিক্ষুকদের কর্মসংস্থানের জন্য ৩০ লাখ টাকা দেওয়া হয়েছে।