সরকারি কর্মকর্তাকে জরিমানা করেছেন আদালত
ময়মনসিংহের নান্দাইলের তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বর্তমানে ঢাকা ওয়াসার ম্যাজিস্ট্রেট কাজী ওয়াছিউদ্দিনকে ৬৮ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। এই টাকা তাঁর বেতন থেকে কেটে নিতে বলেছেন আদালত। গাছ কাটার এক মামলায় ১৯ সেপ্টেম্বর ময়মনসিংহের সিনিয়র সহকারী জজ মোহাম্মদ ফরিদ আলম এ রায় দেন। মামলার রায়ে জানা গেছে, নান্দাইল উপজেলার আবদুল্লাহপুর গ্রামের কামরুল ইসলাম ভুঁইয়ার একটি রেইনট্রি গাছ ২০০৪ সালে কেটে বিক্রি করেন নান্দাইলের তৎকালীন ইউএনও কাজী ওয়াছিউদ্দিন। সে সময় নিজের পৈতৃক জায়গায় গাছটি অবস্থিত বলে এ-সংক্রান্ত কাগজপত্র তিনি দেখালেও ইউএনও বিষয়টি আমলে নেননি। এ ঘটনায় কামরুল ইসলাম পাঁচজনের বিরুদ্ধে ময়মনসিংহের নান্দাইল সিনিয়র সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন।আদালত মামলার অপর চার আসামি যথাক্রমে নান্দাইল ভূমি অফিসের তৎকালীন কানুনগো শামছুল হক, সার্ভেয়ার মোশাররফ হোসেন, নাজির এ কে এম শামছুল ইসলাম ও সহকারী ভূমি কর্মকর্তা সাহেব আলীকে দুই হাজার টাকা করে জরিমানা করেন। এই টাকাও তাঁদের বেতন থেকে কর্তন করে আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।