চট্টগ্রামের জলাবদ্ধতা দূর করার প্রতিশ্রুতি নাছিরের
সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে খসরুর অভিযোগ
চট্টগ্রামে কিছুসংখ্যক সরকারি কর্মকর্তা আওয়ামী লীগ-সমর্থিত নাগরিক কমিটির মেয়র পদপ্রার্থীর কার্যালয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছেন বলে অভিযোগ করেছেন নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এ ব্যাপারে নির্বাচন কমিশনে অভিযোগ করা হবে।
গতকাল বুধবার মাঝিরঘাট এলাকায় ২০-দলীয় জোট-সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী মোহাম্মদ মনজুর আলমের পক্ষে গণসংযোগ করার সময় সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন আমীর খসরু। তিনি মাঝিরঘাট এলাকায় মনজুর আলমের জন্য ভোট চান।
বৈঠকে অংশ নেওয়া সরকারি কর্মকর্তা কারা তা জানতে চাইলে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘কারা করেছে তা চট্টগ্রামবাসীর কাছে পরিষ্কার। তবে এ বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হবে।’ তাঁর অভিযোগ, আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিভিন্ন এলাকায় বিরোধীদলের নেতা-কর্মীদের ওপর চাপ সৃষ্টি করছে। মিথ্যা মামলা দিয়ে কর্মীদের এলাকা থেকে বিতাড়িত করা হয়েছে।
এ বিষয়ে আ জ ম নাছিরের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে বারবার ফোন করেও সাড়া মেলেনি। তবে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক এবং নাছিরের নির্বাচনী প্রচারণা কমিটির অন্যতম সদস্য ফয়সল ইকবাল চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘খসরু সাহেবের অভিযোগটি সত্য নয়। সরকারকে বিব্রত করার জন্য তাঁরা এ ধরনের অভিযোগ করছেন।’
গণসংযোগের সময় সাংবাদিকদের কাছে আমীর খসরু আরও অভিযোগ করে বলেন, চট্টগ্রামে তিন মন্ত্রী দলের প্রার্থীর পক্ষে রুদ্ধদ্বার বৈঠক করেছেন। চট্টগ্রাম চেম্বারের মতো বাণিজ্য সংগঠনের মিলনায়তন ব্যবহার করে আওয়ামী লীগের সাবেক এক প্রতিমন্ত্রী কাউন্সিলর প্রার্থীদের কাছ থেকে জোর করে সই আদায় করছেন।
নগরের ওয়্যারলেস এলাকায় মনজুর আলমের পক্ষে গণসংযোগ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। তিনি ভোটারদের মনজুরকে জয়ী করার আহ্বান জানান।
আ জ ম নাছিরের গণসংযোগ : হজরত শাহ আমানত ও বাবার কবর জিয়ারত এবং মায়ের দোয়া নিয়ে গণসংযোগ শুরু করেন আওয়ামী লীগ-সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী আ জ ম নাছির উদ্দিন। তিনি আছদগঞ্জ ও খাতুনগঞ্জ এলাকায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন। ব্যবসায়ীদের সঙ্গেও মতবিনিময় করেন।
গণসংযোগে নাছির বলেন, ‘আমি নির্বাচিত হলে চট্টগ্রামকে দুর্নীতিমুক্ত ও বিশ্বমানের নগর হিসেবে গড়ে তুলব। এ জন্যে নগরবাসীর দোয়া ও সমর্থন চাই।’
সাবেক মেয়র মনজুর আলমের সমালোচনা করে নাছির উদ্দিন বলেন, ২০১০ সালে চট্টগ্রামে জলাবদ্ধতা এত ভয়াবহ ছিল না। মনজুর আলম জলাবদ্ধতা নিরসনে কাজ করেননি। নির্বাচিত হলে চট্টগ্রামে জলাবদ্ধতা দূর করাই হবে প্রধান কাজ। তিনি বলেন, ‘পরিচ্ছন্ন নগরী হিসেবে চট্টগ্রামকে গড়ে তুলেছিলেন সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী। মনজুর আলম সাহেব ডাস্টবিনের নগরে পরিণত করেন। পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলা আমার অন্যতম কাজ হবে।’
গণসংযোগের সময়ে নাছিরের নির্বাচনী পরিচালনা কমিটির চেয়ারম্যান ও সাবেক সাংসদ ইসহাক মিয়া, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ, নগর আওয়ামী লীগের সহসভাপতি নঈমউদ্দিন চৌধুরী ও ইব্রাহিম হোসেন চৌধুরী প্রমুখ সঙ্গে ছিলেন।
গতকাল সন্ধ্যায় নাছির উদ্দিন তাঁর প্রধান নির্বাচনী কার্যালয় প্রিয়া কমিউনিটি সেন্টারে যুবলীগের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।