দুদক আইন প্রসঙ্গে সংসদীয় কমিটি
সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করতে পূর্বানুুমোদন অপ্রয়োজনীয়
দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দায়েরের ক্ষেত্রে সরকারের পূর্বানুমোদনের প্রয়োজন নেই বলে মনে করে আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও তাই মনে করেন। তবে এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মতিয়া চৌধুরী কমিটি ও অর্থমন্ত্রীর বক্তব্যের সঙ্গে কিছুটা ভিন্নমত প্রকাশ করেছেন। তিনি সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দায়েরের ক্ষেত্রে সরকারের পূর্বানুমোদন নেওয়ার বিধান করার প্রস্তাব করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। দুর্নীতি দমন কমিশন আইন সংশোধনের জন্য প্রস্তাবিত আইন যাচাই-বাছাইসংক্রান্ত আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে তাঁরা এ মত দেন। গতকাল রোববার সংসদ ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে কমিটির সদস্য রহমত আলী সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীসহ যেকোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়েরের ক্ষেত্রে সরকারের পূর্বানুমোদনের প্রয়োজন নেই বলে কমিটি মনে করে। এ বিষয়ে মতিয়া চৌধুরীর বক্তব্য একটু অস্পষ্ট। তাতে মনে হয়েছে, তিনি কমিটির বক্তব্যের সঙ্গে একমত নন। দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন ২০০৪ সংশোধনের জন্য গত ২৮ ফেব্রুয়ারি সংসদে বিল উত্থাপিত হয়। এতে ৩২(ক) ধারা সংশোধনের প্রস্তাবে বলা হয়েছে, এ আইনের অধীনে জজ, ম্যাজিস্ট্রেট বা সরকারি কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা দায়ের করতে হলে সরকারের পূর্বানুমোদন নিতে হবে। বিদ্যমান আইনে দুদক কর্তৃক সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দায়েরের ক্ষেত্রে সরকারের পূর্বানুমোদনের প্রয়োজন হয় না। গতকাল বৈঠক শেষে আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত সংবাদ ব্রিফিংয়ে বলেন, দুদক কর্তৃক সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দায়েরের ক্ষেত্রে সরকারের পূর্বানুমোদন নেওয়ার প্রস্তাবিত বিধান যৌক্তিক নয় বলে কমিটি মনে করে। অর্থমন্ত্রীও তাই মনে করেন। মতিয়া চৌধুরী একটি বাস্তবসম্মত দুর্নীতি দমন কমিশন চেয়েছেন। এ ক্ষেত্রে যদি সরকারের পূর্বানুমোদন নিতে হয়, সে ক্ষেত্রে দুদকের দরকার নেই। পুলিশই যথেষ্ট। সুরঞ্জিত আরও বলেন, দুদককে কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে হলে শুধু আর্থিক স্বাধীনতা দিলেই হবে না, এর প্রশাসনিক স্বাধীনতাও দিতে হবে। কার্যকরভাবে পরিচালনার জন্য দুদকের নিজস্ব জনবল দরকার। এখন তাদের অনেক ক্ষেত্রেই পুলিশের ওপর নির্ভর করতে হয়। দুদক যাতে অত্যাচারী প্রতিষ্ঠান না হয়, সে ব্যবস্থাও করতে হবে। তিনি জানান, কমিটি আইনটি আরও পর্যালোচনা করবে। বিশ্বের অন্যান্য দেশে এ বিষয়ে যেসব আইন আছে, সেগুলোও দেখবে। সুরঞ্জিত সেনগুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠিত গতকালের বৈঠকে বিশেষ আমন্ত্রণে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আইনমন্ত্রী শফিক আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও সরকারি হিসাব-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মহীউদ্দীন খান আলমগীর যোগ দেন। বৈঠকে কমিটি আইনটি সম্পর্কে তাঁদের মতামত গ্রহণ করে। এ ছাড়াও বৈঠকে কমিটির সদস্য রহমত আলী, ফজলে রাব্বি মিয়া, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, নুরুল ইসলাম সুজন, ফজলে নুর তাপস প্রমুখ উপস্থিত ছিলেন।