সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দায়ের-সংক্রান্ত ধারা অবৈধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশন (দুদক) আইনের সংশোধনীতে আনা ৩২(ক) ধারা অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

ওই ধারায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়েরের ক্ষেত্রে সরকারের অনুমতির বিষয়ে বলা আছে।

গত ১০ নভেম্বর সংসদে বর্তমান সরকার দুর্নীতি দমন কমিশন সংশোধন বিল ২০১৩ পাস করে। ২০ নভেম্বর আইনটি গেজেট আকারে প্রকাশিত হয়। এতে নতুন করে ৩২(ক) ধারা যুক্ত করে বলা হয়েছে, ৩২ (ক)-এর বিধান সাপেক্ষে এই আইনের অধীনে জজ, ম্যাজিস্ট্রেট বা সরকারি কর্মচারীদের বিরুদ্ধে মামলা দায়েরের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির ১৯৭ ধারা আবশ্যিকভাবে পালন করতে হবে। ফলে সরকারের অনুমোদন ছাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারী, জজ ও ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে দুদক কোনো মামলা করতে পারবে না।

আইনের ৩২(ক) ধারার বৈধতা চ্যালেঞ্জ করে গত ২৫ নভেম্বর মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে চার আইনজীবী রিটটি করেন।

এর পরিপ্রেক্ষিতে একই আদালত দুর্নীতি দমন কমিশন আইনের সংশোধনীতে আনা ৩২(ক) ধারা কেন সংবিধান পরিপন্থী ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন। সংসদের স্পিকার, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব, আইনসচিব ও সংসদ সচিবালয়ের সচিবকে রুলের জবাব দিতে বলা হয়।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. জাহাঙ্গীর আলম।

মনজিল মোরসেদ বলেন, ২০০৪ সালের আইনে সুস্পষ্টভাবে কমিশনের স্বাধীনতার কথা বলা হয়েছে। আইনের ২০(১) ধারায় বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধিতে যা কিছুই থাকুক না কেন, এই আইনের অধীনে অপরাধ কমিশন কর্তৃক তদন্তযোগ্য হবে। সংবিধানের ২৭ অনুচ্ছেদ অনুসারে সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান। কিন্তু দুদক আইনের সংশোধনীতে জজ, ম্যাজিস্ট্রেট ও সরকারি কর্মচারীদের বিশেষ সুরক্ষা দেওয়া হয়েছে, যা বৈষম্যমূলক। সে কারণে সংবিধানের ২৬ অনুচ্ছেদ অনুসারে তা বাতিলযোগ্য।