সরকারি কর্মকর্তাদের মানুষের কাছে গিয়ে কাজ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটি ব্রিটিশ আমলের প্রশাসন নয়, বরং স্বাধীন দেশের প্রশাসন। আর তাই স্বচ্ছ, দায়বদ্ধ ও জনমুখী সেবার লক্ষ্য নিয়ে সরকারি কর্মকর্তাদের হতদরিদ্র মানুষের কাছে গিয়ে কাজ করতে হবে। কিশোরগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসন আয়োজিত ‘সেবার মান উন্নয়নে দ্বিতীয় প্রজন্মের নাগরিক সনদ’বিষয়ক কর্মশালায় বিশিষ্টজনেরা এ অভিমত প্রকাশ করেন। কর্মশালায় বক্তারা বলেন, এ দেশের প্রশাসন ব্রিটিশ আমলের নয়। স্বাধীন দেশের প্রশাসন হিসেবে বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ কর্মকর্তাদের প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র মানুষের কাছে গিয়ে তাদের অধিকার পাওয়ার বিষয়টি জানাতে হবে। তাদের মধ্য থেকে ভীতি দূর করতে হবে। দালালদের খপ্পরে না পড়ে সরাসরি তারা যেন সরকারি অফিসে গিয়ে নিজেদের কাজ আদায় করতে পারে, তা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদেরও দুর্নীতিমুক্ত থাকতে হবে। অধিকারবঞ্চিত মানুষের অধিকার নিশ্চিত করার দায়িত্ব পালন করাই হলো স্বাধীন দেশের সরকারি কর্মকর্তাদের দায়িত্ব। জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও সিভিল সার্ভিস চেঞ্জ ম্যানেজমেন্ট প্রোগ্রামের জাতীয় প্রকল্প পরিচালক মো. ইউনুসুর রহমান, উপসচিব মো. জাফর ইকবাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হায়দার জাহান ফারাস, ইউএনডিপির প্রতিনিধি এম রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদুল হাই, পৌর মেয়র মো. মাজহারুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।