সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেই ফিরে গেল ইউনেসকো
ইউনেসকোর বিশ্ব ঐতিহ্য কেন্দ্রের তিন সদস্যের প্রতিনিধিদল রামপাল, সুন্দরবন পরিদর্শনের পর গতকাল সোমবার সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে রাতে ফিরে গেছে। সফরকালে তারা রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এবং পশুর ও শ্যালা নদ-নদী দিয়ে নৌ চলাচলের বিষয়ে খোঁজখবর নিয়েছে এবং এসব বিষয়ে জানতে চেয়েছে।
তবে প্রতিনিধিদলটি সফরসূচিতে থাকলেও সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি, তেল-গ্যাস ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির খুলনা শাখা, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এবং রামপাল এলাকার পরিবেশবাদী সংগঠনগুলোর সঙ্গে কোনো বৈঠক করেনি। সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি বৈঠক করতে চেয়ে মন্ত্রণালয় ও ইউনেসকোকে চিঠিও দিয়েছিল।
সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক সুলতানা কামাল বলেন, ‘ইউনেসকোর সঙ্গে আমরা বৈঠক করতে চেয়ে চিঠি দিয়েছি। তা হলো না। তবে আমরা আন্দোলন চালিয়ে যাব।’
জানতে চাইলে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব কামালউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘ইউনেসকো যেভাবে চেয়েছে, আমরা সেভাবে বৈঠকের আয়োজন করেছি। এ ছাড়া তারা স্থানীয় জনগণের সঙ্গেও বৈঠক করেছে। সেটিও অনেক গুরুত্বপূর্ণ।’ তিনি বলেন, ‘ইউনেসকোর প্রতিনিধিদল যেসব তথ্য-উপাত্ত চেয়েছিল, আমরা সবকিছুই দিয়েছি। তারা সুন্দরবনের ব্যাপারে সরকারকে কিছু পরামর্শ দেবে বলে জানিয়েছে। তারা যে প্রতিবেদন দেবে, আমরা তার ভিত্তিতে পরবর্তী সময়ে আরও কী করা যায়, সেই পদক্ষেপ নেব।’
ইউনেসকো দলের তিন সদস্য ফানি এডলফাইন ডাউভিরি, নাওমি ক্লেয়ার ও মিজুকি মুরাই গতকাল দুপুরে পরিবেশ ও বন মন্ত্রণালয়ে আটটি মন্ত্রণালয়ের সঙ্গে সভা করেন। সভায় বিদ্যুৎ ও জ্বালানি, নৌপরিবহন, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব এবং অন্যান্য মন্ত্রণালয়ের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত একাধিক সূত্র বলেছে, সভায় ইউনেসকো প্রতিনিধিদল পরিবেশ ও বন মন্ত্রণালয়ের কাছে জানতে চায়, রামপাল প্রকল্প চালু হওয়ার পর এর পরিবেশগত প্রভাব মূল্যায়নের মতো সাংগঠনিক ও কারিগরি কাঠামো রয়েছে কি না। জবাবে মন্ত্রণালয় থেকে বলা হয়, প্রকল্পের প্রতিবেশগত পর্যবেক্ষণ প্রতিবেদন সেন্টার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সার্ভিসেসকে (সিইজিআইএস) দেওয়া হয়েছে। ওই সংস্থা প্রতি তিন মাস পর পর রামপাল প্রকল্পের ওয়েবসাইটে ওই প্রতিবেদন প্রকাশ করবে।
প্রতিনিধিদল নৌপরিবহন মন্ত্রণালয়ের কাছে জানতে চায়, খুলনা ও সুন্দরবনকে ঘিরে মন্ত্রণালয়ের অনেক বড় পরিকল্পনা রয়েছে। যেমন মংলা বন্দর সম্প্রসারণ, পায়রা বন্দর নির্মাণ, নদী খনন—এসব প্রকল্প সুন্দরবনের ওপর কী প্রভাব ফেলবে, তার মূল্যায়ন প্রতিবেদন তৈরি হয়েছে কি না? উত্তরে মন্ত্রণালয় জানায়, তারা প্রতিটি প্রকল্পের জন্য আলাদা পরিবেশগত প্রভাব সমীক্ষা প্রতিবেদন তৈরি করছে।
২৪ ও ২৫ মার্চ ইউনেসকোর রি-অ্যাকটিভ মনিটরিং মিশন নামের প্রতিনিধিদলটি রামপাল প্রকল্প এলাকা পরিদর্শন করে এবং প্রকল্প এলাকার স্থানীয় জনগণের সঙ্গে কথা বলে। স্থানীয় জনগণের সঙ্গে বৈঠক রামপাল প্রকল্প ও সরকারি সংস্থাগুলোর মাধ্যমে আয়োজন করা হয়। সুন্দরবনের শ্যালা নদীতে গত এক বছরে যে চারটি তেল ও কয়লাবাহী জাহাজডুবি হয়েছে, সেসব দুর্ঘটনাস্থল তারা পরিদর্শন করে। পশুর নদ দিয়ে জাহাজ চলাচলের ব্যাপারেও খোঁজ নেয় তারা।
ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক উজ্জ্বল কান্তি ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, ‘রামপাল বিদ্যুৎকেন্দ্রের কারণে যে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না, সে বিষয়টি আমরা তুলে ধরেছি। প্রকল্পটি সুন্দরবনের ভেতরে—এই ভুল তথ্য প্রতিনিধিদলকে দেওয়া হয়েছিল। তারা সরেজমিনে দেখায় সেই ভুল ভেঙেছে। এ ছাড়া সুন্দরবন এলাকার মানুষের বিকল্প জীবিকা সংস্থানের জন্য আমরা কী উদ্যোগ নেব, তা তাদের জানিয়েছি। এতে সুন্দরবনের ওপর স্থানীয়দের চাপ কমবে, উল্টো সুন্দরবনকে আরও বেশি ভালোমতো রক্ষা করা যাবে।’
ইউনেসকোর সঙ্গে বৈঠক না হওয়া প্রসঙ্গে তেল-গ্যাস ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ বলেন, সুন্দরবন নিয়ে অন্য যে মত ও ব্যাখ্যাগুলো রয়েছে, তা না জেনে সুন্দরবন নিয়ে ইউনেসকো প্রতিবেদন দিলে তা গ্রহণযোগ্য হবে না।
এদিকে বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘ইউনেসকোর এই সফরটিকে আমার মনে হয়েছে সরকারি কর্মকর্তাদের তত্ত্বাবধানে পরিচালিত সফর। ফলে তারা সুন্দরবন নিয়ে যে তথ্য-উপাত্ত পাবে তা হবে আংশিক। ইউনেসকোর উচিত সুন্দরবন সম্পর্কে একটি বস্তুনিষ্ঠ ও পূর্ণাঙ্গ মূল্যায়নের জন্য সব মতামত নেওয়া। না হলে সুন্দরবন রক্ষা পাবে না।
সুন্দরবনে আগুন: এদিকে গতকাল সকালে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে হঠাৎ আগুন লাগে। বন বিভাগ স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে বিকেল নাগাদ সেই আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বনের তেমন কোনো ক্ষতি হয়নি বলে বন বিভাগ থেকে জানানো হয়েছে।