সরকারি কর্মকর্তাদের সঠিকভাবে দায়িত্ব পালন না করা বড় অপরাধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পিকার আবদুল হামিদ বলেছেন, সরকারি কর্মকর্তাদের সঠিক ও স্বচ্ছভাবে দায়িত্ব পালন না করা বড় ধরনের অপরাধ এবং দুর্নীতিও বটে। সরকারি কর্মকর্তারা, বিশেষ করে প্রকৌশল বিভাগের কর্মকর্তারা সঠিকভাবে দায়িত্ব পালন করছেন না বলে হাওরের সার্বিক উন্নয়নে একধরনের স্থবিরতা সৃষ্টি হয়েছে। প্রকৌশল বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীকে সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় আবদুল হামিদ এসব কথা বলেন। এর আগে তিনি মিঠামইন উপজেলার হাওর এলাকা পরিদর্শন করেন।জেলা পরিষদ প্রশাসক জিল্লুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান, পুলিশ সুপার মীর রেজাউল আলম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনিছুজ্জামান, বাজিতপুর ও করিমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান।প্রকৌশল বিভাগের কর্মকর্তাদের উদ্দেশে স্পিকার বলেন, ‘হাওর এলাকার উন্নয়নে কোনো দুর্নীতি বা অনিয়ম করলে কারও ক্ষমা নেই। হাওরের সমস্যা আমার জানা আছে। এর পরও বলতে চাই, নদী খনন, রাস্তা নির্মাণ—সবকিছুই পর্যায়ক্রমে করা হবে। উন্নয়নের বিরোধিতা করলে দেশের ক্ষতি, জনগণের ক্ষতি।’ সার্বিক উন্নয়নে দলমত-নির্বিশেষে সবাইকে সহযোগিতার আহ্বান জানান তিনি।স্পিকার বলেন, হাওরের উন্নয়নে বিগত সরকারগুলো কোনো উল্লেখযোগ্য ভূমিকা রাখেনি। দুঃখজনক হলেও সত্য, দেশের অন্যান্য এলাকার তুলনায় খাদ্য ও মৎস্য সম্পদে উদ্বৃত্ত হাওরের মানুষ সার্বিক উন্নয়নে অনেক পিছিয়ে।