স্থানীয় সরকারের কমিটিবিষয়ক সেমিনার
সরকারি কর্মকর্তাদের স্থানীয় সরকারের কাছে জবাবদিহি করতে হবে
জনসেবা নিশ্চিত করার জন্য সরকারি কর্মকর্তাদের স্থানীয় সরকারের কাছে দায়বদ্ধ ও জবাবদিহির ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে স্থানীয় সরকারের বিভিন্ন কমিটিতে যোগ্য নাগরিকদের সম্পৃক্ত করে তাঁদের মধ্যে মালিকানাবোধ সৃষ্টি করতে হবে। দিতে হবে তাঁদের মর্যাদা।
গতকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ে এনআইএলজি মিলনায়তনে ‘উপজেলা পরিষদের বিভিন্ন কমিটি এবং ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটিসমূহ শক্তিশালীকরণ’ শীর্ষক এক সেমিনারে স্থানীয় সরকার বিশেষজ্ঞরা এ অভিমত প্রকাশ করেন। ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি), ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও জাতীয় স্থানীয় সরকার প্রতিষ্ঠানের (এনআইএলজি) যৌথ উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইজিডির গবেষণা বিশেষজ্ঞ এ কে এম ফজলুর রহমান। প্রবন্ধে উপজেলা পরিষদের বিভিন্ন কমিটি এবং ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটিগুলো শক্তিশালী করার জন্য কিছু সুপারিশ পেশ করা হয়।
সুপারিশের মধ্যে আছে উপজেলা পরিষদের কমিটিগুলোর কর্মপরিধি ও আচরণবিধি সুনির্দিষ্ট করে পরিপত্র জারি করতে হবে। কমিটিগুলোকে কার্যকর করতে হলে পরিষদের হস্তান্তরিত কার্যাবলি যাতে পরিষদ যথাযথভাবে বাস্তবায়ন করতে পারে, সে জন্য পরিষদের কাছে পর্যাপ্ত কর্তৃত্ব, সম্পদ এবং প্রয়োজনীয় জনবল হস্তান্তর করতে হবে। হস্তান্তরিত বিভাগগুলোর ইস্যুভিত্তিক কমিটিগুলো মৌলিক ১০-১২টি কমিটির মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। উপজেলা পরিষদের প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন-সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণের পূর্বে কমিটির মতামত নেওয়া বাধ্যতামূলক করতে হবে।
এনআইএলজির মহাপরিচালক মুস্তফা কামাল হায়দারের সঞ্চালনায় সেমিনারে সূচনা বক্তব্য দেন সুইজারল্যান্ডের উন্নয়ন সহযোগিতা সংস্থা এসডিসির কর্মসূচি কর্মকর্তা মেলিনা ট্রিপোলিনি, বিআইজিডির রিসার্চ ফেলো শাহনাওয়াজ হোসেন। আরও বক্তব্য দেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ আজিজুর রহমান সিদ্দিকী, সাবেক অতিরিক্ত সচিব স্বপন কুমার সরকার, রাজশাহীর পবা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশরাফুল হক।