সরকারি কর্মকর্তাদের স্বাস্থ্যবিমার সুপারিশ করবে পে-কমিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সুচিকিৎসা নিশ্চিত করতে সবাইকে একটি সমন্বিত স্বাস্থ্যবিমার আওতায় আনার প্রস্তাব করবে পে-কমিশন। এই বিমার আওতায় কর্মকর্তা বা কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যরা চিকিৎসা, দুর্ঘটনা বা কোনো রোগে আক্রান্ত হলে অগ্রাধিকার ভিত্তিতে সেবা পাবেন। এ জন্য কর্মকর্তা বা কর্মচারী প্রত্যেককে দেওয়া হবে স্বাস্থ্য কার্ড।

আজ বৃহস্পতিবার পে অ্যান্ড সার্ভিস কমিশনের চেয়ারম্যান মুহাম্মদ ফরাসউদ্দিন সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমের সঙ্গে সাক্ষাৎ করতে এসে এ কথা জানান।

প্রস্তাব অনুযায়ী কর্মকর্তা-কর্মচারীরা আগের মতোই মূল বেতনের সঙ্গে চিকিৎসা ভাতা তুলবেন। এ ছাড়াও প্রত্যেকের জন্য সরকার প্রতি মাসে নির্দিষ্ট হারে বিমার প্রিমিয়াম একটি তহবিলে জমা দেবে। কর্মচারী কল্যাণ তহবিলের মতো এই ফান্ড থেকে স্বাস্থ্যবিমার সুবিধা পাওয়া যাবে বলে কমিশনের চেয়ারম্যান জানান। স্বাস্থ্য কার্ডধারী কর্মকর্তা-কর্মচারীরা সব হাসপাতালে যেন অগ্রাধিকার পান, সে জন্য কমিশনের চেয়ারম্যান মন্ত্রীকে অনুরোধ করেন।

স্বাস্থ্যমন্ত্রী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, দরিদ্রদের চিকিৎসা নিশ্চিত করতে সরকার দেশে স্বাস্থ্যবিমা চালু করার উদ্যোগ নিয়েছে। টাঙ্গাইলের তিনটি উপজেলায় দরিদ্র জনগোষ্ঠী, গার্মেন্টস কর্মী এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে স্বাস্থ্যবিমা সুবিধা দেওয়ার জন্য একটি দিশারী প্রকল্প কাজ করছে।

এ সময় স্বাস্থ্যসচিব এম এম নিয়াজউদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দীন মো. নূরুল হকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।