সরকারি কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অলক কুমার ঘোষ (৫২) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিজ কার্যালয়ের শৌচাগার থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বাড়ি নীলফামারী শহরের কোর্ট সড়ক এলাকায়। কয়েক বছর ধরে তিনি মানসিক রোগে ভুগছিলেন।হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে অলক কুমার তাঁর কার্যালয়ে যান। এ সময় সেখানে দাপ্তরিক কাজ করছিলেন অফিস সহকারী আলী আহাম্মদ। অলক কার্যালয়ে গিয়ে কিছুক্ষণ বসে থাকার পর শৌচাগারে যান। সেখান থেকে বেরিয়ে কিছুক্ষণ বসে থাকার পর আবার শৌচাগারে যান। আলী আহাম্মদ জানান, এরপর বাইরে লোকজনের চিত্কার শুনে তাঁরা অফিসকক্ষের পেছনে গিয়ে শৌচাগারের জানালার দিকে তাকিয়ে দেখেন, অলক কুমারের গলায় রশি লাগানো। এরপর কার্যালয়ে ফিরে শৌচাগারের দরজা খোলা পান এবং দেখতে পান শৌচাগারের পানির পাইপের সঙ্গে অলকের লাশ ঝুলে আছে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুশান্ত কুমার দাস বলেন, অলক কয়েক বছর থেকে মানসিক রোগে ভুগছিলেন। ছয় মাস আগে তিনি ট্রাকের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন।আক্কেলপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম বলেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা অলক কুমার ঘোষ আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।