সরকারি কর্মকর্তার স্ত্রী বলে কথা!
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা পদে চাকরি করেন সোহেলী সুলতানা। বর্তমানে তাঁর কর্মস্থল ঝিনাইদহের কালীগঞ্জ শহর থেকে ১০ কিলোমিটার দূরের বগেরগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। কিন্তু ক্লাস নিচ্ছেন শহরের বলিদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। শিক্ষকেরা জানান, তিনি একজন সরকারি কর্মকর্তার স্ত্রী। তাঁর স্বামী মো. মনিরুজ্জামান ছিলেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। সম্প্রতি তিনি বদলি হয়ে গেছেন।খোঁজ নিয়ে জানা গেছে, সোহেলী সুলতানা ইতিপূর্বে চাকরি করতেন মাগুরা জেলায়। স্বামীর চাকরির কারণে বদলি হয়ে আসেন কালীগঞ্জ উপজেলায়। এখানে তাঁর কর্মস্থল বগেরগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়। মাত্র সাত দিন কর্মস্থলে গিয়ে শহরের একটি বিদ্যালয়ে প্রেষণে চলে আসেন। বেশ কিছুদিন সেখানে থাকার পর আবার ফিরে যান নিজের কর্মস্থলে। কিন্তু বাস্তবে ফিরে যাননি, তিনি ক্লাস নেন বলিদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।বলিদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, তাঁদের প্রতিষ্ঠান কালীগঞ্জ শহরে অবস্থিত। প্রতিষ্ঠানে বর্তমানে শিক্ষার্থী ১৮৪ জন, শিক্ষকের পদ আছে পাঁচটি। কর্মরত আছেন পাঁচজন। সেখানে অতিরিক্ত হিসেবে ক্লাস নেন সোহেলী সুলতানা। তিনি বেশ কিছুদিন প্রতিষ্ঠানের মূল হাজিরা খাতায় স্বাক্ষর করেছেন। বর্তমানে অতিরিক্ত একটি খাতায় স্বাক্ষর করেন। প্রধান শিক্ষক মহিউদ্দিন জানান, সোহেলী সুলতানা ক্লাস নেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে। পদের অতিরিক্ত শিক্ষক থাকলেও তাঁর কিছু করার নেই। খোঁজ নিয়ে জানা গেছে, বগেরগাছি সরকারি প্রথামিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ২৮৪। শিক্ষকের সাতটি পদ থাকলেও কর্মরত আছেন মাত্র তিনজন। প্রধান শিক্ষিকা মনিরা পারভিন জানান, তাঁর প্রতিষ্ঠানের শিক্ষকের মধ্যে রেবেকা সুলতানা নামের একজন স্বামীর সঙ্গে বিদেশে চলে গেছেন। দুজন আছেন প্রশিক্ষণে। একজন কোনো ছুটি বা ছাড়পত্র ছাড়াই বলিদাপাড়ায় স্কুল করেন। মাত্র তিনজন শিক্ষক নিয়ে বিপাকে আছেন। শিক্ষার্থীদের ঠিকমতো পাঠদান করতে পারছেন না। উপজেলা প্রাথমিক কর্মকর্তা মোস্তাক আহম্মেদ জানান, বিশেষ কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে সোহেলী সুলতানা বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মৌখিক অনুমতি নিয়েই তিনি অন্যত্র ক্লাস নিয়েছেন। এখন আর নেবেন না, ছুটিতে যাবেন।