সরকারি কর্মকর্তারা এখন ব্যবসায়ীবান্ধব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি কর্মকর্তারা আগে ব্যবসায়ীদের হয়রানি করলেও বর্তমানে তাঁরা ব্যবসায়ীবান্ধব বলে মন্তব্য করেছেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন বিষয়ে করদাতা উদ্বুদ্ধকরণ-বিষয়ক এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
গতকাল মঙ্গলবার সকালে নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রাম এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে সভাপতিত্ব করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রামের কমিশনার মো. জামাল হোসেন। এতে সাংসদ এম এ লতিফ, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য জাহান আরা সিদ্দিকী, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম প্রমুখ বক্তব্য দেন। কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রামের সহকারী কমিশনার সুরাইয়া সুলতানা সেমিনারে ভ্যাটবিষয়ক বিভিন্ন তথ্য উপস্থাপন করেন।
সেমিনারে ভূমি প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। এর পেছনে বেসরকারি শিল্পের অবদান সবচেয়ে বেশি। ব্যবসায়ীরা নানা প্রতিকূল পরিবেশে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। ব্যবসায়ীরা যাতে সহজভাবে সেবা পেতে পারেন, সে জন্য কাস্টমসের ওয়েবসাইট নিয়মিত হালনাগাদ করার আহ্বান জানান তিনি।
সাংসদ এম এ লতিফ ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রতি সহানুভূতিশীল হয়ে ভ্যাট নির্ধারণের জন্য আহ্বান জানান।