সরকারি কর্মচারীদের আত্তীকরণের ক্ষেত্রে সরকারকে সরকারি কর্মকমিশনের (পিএসসি) সঙ্গে পরামর্শ করতে হবে না। আইনের অধীন জারি করা সরকারের কোনো আদেশের বিরুদ্ধে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না। এমন বিধান রেখে গতকাল সোমবার সংসদে উদ্বৃত্ত সরকারি কর্মচারী আত্তীকরণ বিল ২০১৫ উত্থাপিত হয়েছে।
উচ্চ আদালতের নির্দেশে সামরিক শাসনামলে ফরমানের মাধ্যমে জারি করা অধ্যাদেশকে আইনে পরিণত করতে এই বিল আনা হয়েছে। জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম গতকাল বিলটি উত্থাপন করেন। পরে বিলটি যাচাই করে প্রতিবেদন দেওয়ার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
সামরিক ফরমানবলে জারি করা অধ্যাদেশকে আইনে পরিণত করতে গতকাল আরও চারটি বিল উত্থাপন করা হয়। আর্মি (সংশোধন) বিল ২০১৫, ক্যাডেট কলেজ (সংশোধন) বিল ২০১৫ ও এয়ারফোর্স (সংশোধন) বিল ২০১৫ উত্থাপন করেন সংসদকাজে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। রেলওয়ে নিরাপত্তা বাহিনী বিল ২০১৫ উত্থাপন করেন রেলপথমন্ত্রী মুজিবুল হক। উত্থাপনের পর বিলগুলো যাচাই করে প্রতিবেদন দেওয়ার জন্য প্রতিরক্ষা ও রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়। এ ছাড়া সম্প্রতি অধ্যাদেশ আকারে জারি করা মানি লন্ডারিং প্রতিরোধ (সংশোধন) বিল ২০১৫ আইনে পরিণত করতে গতকাল সংসদে উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
১৯৭৬ সালে জারি করা অধ্যাদেশকে আইনে পরিণত করতে গণকর্মচারী (বিদেশি নাগরিকের সহিত বিবাহ) বিল ২০১৫ গতকাল সংসদে কণ্ঠভোটে পাস হয়। বিলের ওপর দেওয়া বিরোধী দলের সদস্যদের সংশোধনী প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়।
এরপর সংসদের অধিবেশন আজ বিকেল সাড়ে চারটা পর্যন্ত মুলতবি করা হয়।