সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের চার দফা দাবি
মন্ত্রিপরিষদে অনুমোদিত অষ্টম জাতীয় বেতনকাঠামোতে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বহাল রাখা এবং যেসব কর্মচারী এখনো সিলেকশন গ্রেডের আওতার বাইরে, তাঁদের এই সুবিধার আওতায় আনার দাবি করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়।
ফেডারেশনের আরও দাবির মধ্যে রয়েছে সচিবালয়ের সঙ্গে সচিবালয়ের বাইরের কর্মচারীদের বেতনকাঠামো ও পদবি-সংক্রান্ত বৈষম্য দূর করা, বেতন ও চাকরি কমিশনের প্রস্তাবিত ১৬ ধাপে বেতন নির্ধারণ করা এবং ১১তম থেকে ২০তম ধাপগুলোর ব্যবধান সর্বনিম্ন এক হাজার টাকা করা এবং সরকারি কর্মচারীর পরিবারের সদস্যের মাসিক বরাদ্দ বাড়ানো।
সংবাদ সম্মেলনে বলা হয়, একজন এতিম শিশুর খাবারের মাসিক বরাদ্দ ২ হাজার ৬০০ টাকা। আর সরকারি কর্মচারীর পরিবারের সদস্যের মাসিক বরাদ্দ ১ হাজার ৩৭৫ টাকা, যা সরকারি কর্মচারীর পরিবারের জন্য অসম্মানজনক।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের মহাসচিব মো. হেদায়েত হোসেন। আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি মো. ওয়ারেছ আলী, কার্যকরী সভাপতি মো. হাই মোল্লা, অতিরিক্ত মহাসচিব খায়ের আহমেদ প্রমুখ।