সরকারি কর্মচারীদের ওপর হামলার মামলায় অভিযোগপত্র গ্রহণ
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী তাপবিদ্যুৎ প্রকল্প এলাকা পরিদর্শনে যাওয়া প্রতিনিধিদলের ওপর হামলার ঘটনায় করা মামলায় ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত।
গতকাল বুধবার মহেশখালীর জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালত অভিযোগপত্র গ্রহণ করেন। দেড় মাস আগে মামলার তদন্ত কর্মকর্তা ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
পুলিশ সূত্র জানায়, মাতারবাড়ী তাপবিদ্যুৎ প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ-সংক্রান্ত কাজে গত বছরের ২২ মার্চ জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা এম এম মাহমুদুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রকল্প এলাকায় যায়। ওই সময় তাদের ওপর হামলা চালানো হয়। এতে ভূমি অধিগ্রহণ কর্মকর্তাসহ অন্তত ১০ জন আহত হন। এ ঘটনায় সরকারি কাজে বাধা ও হামলার অভিযোগে ১৬ জনের বিরুদ্ধে মহেশখালী থানায় মামলা করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ও মহেশখালীর কালারমারছড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, তদন্তে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা না পাওয়ায় মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহসহ ১০ জনকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। বাকি ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। গতকাল শুনানি শেষে আদালত অভিযোগপত্র গ্রহণ করেন।