সরকারি কর্মচারীদের ৫০ শতাংশ বেতন বাড়ানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি কর্মচারীদের ৫০ শতাংশ বেতন বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতি। রাজধানীর শাহবাগে অবস্থিত পাবলিক লাইব্রেরি মিলনায়তনে গতকাল শুক্রবার সমিতির যুগপূর্তি ও জাতীয় প্রতিনিধি সম্মেলনে এ দাবি জানানো হয়।এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মাহফুজুর রহমান। প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী মো. ফারুক খান।এ সময় মন্ত্রী কর্মচারীদের যৌক্তিক দাবিগুলো সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বাস্তবায়নের আশ্বাস দেন।সম্মেলনে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জীবনযাত্রার ব্যয় বেড়েছে। এ কারণে সীমিত আয়ের সরকারি কর্মচারীরা অতিকষ্টে দিন যাপন করছেন।সম্মেলনে বক্তারা অবিলম্বে সরকারি কর্মচারীদের ৫০ শতাংশ বেতন বাড়ানোর দাবিসহ সমিতির ছয় দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো: সচিবালয়ের মতো অন্যান্য দপ্তর প্রতিষ্ঠানের সমমান ও সমপদে কর্মরতদের পদমর্যাদা ও বেতন-ভাতার সমতা বিধান, ডিপ্লোমা প্রকৌশলীদের মতো অন্যান্য ডিপ্লোমাধারীকে পদমর্যাদা ও বেতন স্কেল প্রদান, প্রস্তাবিত সিভিল সার্ভিস আইন, ২০১০-এর তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের অন্তর্ভুক্ত করা, স্থায়ী বেতন ও চাকরি কমিশন গঠনসহ সব তৃতীয় শ্রেণীর কর্মচারীকে সিলেকশন গ্রেড দেওয়া, হয়রানিমূলক বদলি বন্ধ এবং কর্মচারী নির্যাতনমূলক কালাকানুন বাতিল ও দর-কষাকষির অধিকারসংবলিত সংগঠন করা। সম্মেলনে দেশের বিভিন্ন উপজেলা, জেলা, ঢাকা মহানগরের বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান থেকে সহস্রাধিক প্রতিনিধি অংশ নেন। সম্মেলনে বক্তব্য দেন হারুন উর রশিদ, শাহ মো. শফিউল হক, লুৎফুর রহমান, নাজমা বেগম, ইব্রাহীম খলিল, মোস্তাফিজুর রহমান, আতাউর রহমান, সেলিম মোল্লা, হেমায়েত হোসেন প্রমুখ।সম্মেলন শেষে মাহফুজুর রহমানকে সভাপতি ও লুৎফুর রহমানকে মহাসচিব করে ৭৫ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি।