সরকারি কর্মচারীর ডিলারশিপ বাতিল
চাঁদপুরে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নে নজরুল ইসলাম নামের এক ব্যক্তির ডিলারশিপ বাতিল করা হয়েছে। সরকারি কর্মচারী হলেও আওয়ামী লীগের সমর্থক পরিচয়ে প্রভাব খাটিয়ে তিনি খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারশিপ নিয়েছেন বলে অভিযোগ ওঠে। গত বৃহস্পতিবার উপজেলা প্রশাসন তাঁর ডিলারশিপ বাতিল করে।
উপজেলা খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম উপজেলার নারায়ণপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে কম্পিউটার অপারেটর পদে চাকরি করেন। তসরকারি কর্মচারী হওয়া সত্ত্বেও প্রভাব খাটিয়ে তিনি ১০ টাকা কেজি দরে চাল বিক্রির ডিলার হিসেবে নিয়োগ পান। এ বিষয়ে গত শুক্রবার প্রথম আলোতে ‘আ.লীগের সমর্থক বলে ডিলার হলেন তিনি’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। এরপর বিষয়টি প্রশাসনের নজরে আসে।
এ সম্পর্কে নজরুল ইসলাম বলেন, ‘প্রশাসনের সিদ্ধান্ত মেনে নিয়েছি। ওই কাজ চালাতে আর আগ্রহী নই।’
উপজেলা খাদ্যনিয়ন্ত্রক মো. মহিউদ্দিন বলেন, নিয়ম অনুযায়ী সরকারি কার্যালয়ের কর্মচারী বা জনপ্রতিনিধি খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার হতে পারবেন না। নিয়োগের সময় ওই ব্যক্তির (নজরুল ) চাকরির বিষয়টি তিনি জানতেন না। রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি ডিলার হয়েছিলেন। একজন লোকের সব পরিচয় জেনে ডিলার নিয়োগ দেওয়াও সম্ভব হয় না।