সরকারি কর্মীদের কর্মবিরতি আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরে গিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা কর্মকর্তা-কর্মচারীদের বের করে দিয়েছেন—এমন অভিযোগ এনে উপজেলার সব কর্মকর্তা-কর্মচারী আজ সোমবার কর্মবিরতি ও মানববন্ধন করার ঘোষণা দিয়েছেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম বলেছেন, ঠিকমতো কাজ শেষ না করেই উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের টাকা তুলে নিতে বাধা দেওয়ায় গতকাল রোববার আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁর ও উপজেলা পরিষদ কম্পাউন্ডের বিভিন্ন দপ্তরে ভীতিকর পরিবেশ সৃষ্টি করেন। এর প্রতিবাদে তাঁরা এই ঘোষণা দিতে বাধ্য হয়েছেন।উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের নাম প্রকাশে অনিচ্ছুক কর্মচারীরা জানিয়েছেন, কুলিয়ারচরে এডিবি, কাবিটা, টিআর (ক্যাশ), টিআর (সাধারণ) কর্মসূচি, স্থানীয় সাংসদের বরাদ্দ করা উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পে প্রায় চার কোটি টাকার কাজ চলছে। সব প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি হয়ে আছেন ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা।কয়েকজন কর্মচারী জানান, গতকাল বেলা পৌনে ১১টায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সবুজ মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার জিল্লুর রহমান ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কায়কোবাদের নেতৃত্বে অন্তত অর্ধশত নেতা-কর্মী ইউএনওর কার্যালয়ে যান। এ সময় ইউএনও তাঁর কার্যালয়ে ছিলেন না। পরে তাঁরা বিভিন্ন দপ্তরে গিয়ে দরজা বন্ধ করে দেন এবং কর্মচারীদের চলে যেতে বলেন।ইউএনও শাহ আলম প্রথম আলোকে বলেন, তিনি প্রকল্পের সভাপতিদের ডেকে শতভাগ কাজ শেষ হওয়া এবং তদারকি ছাড়া বিল দেওয়া হবে না বলে জানিয়ে দিলে তাঁরা ক্ষুব্ধ হন। তিনি বলেন, ‘তাঁরা আমাকে হেনস্তা করতে আসবেন, এমন খবর আমি আগেই পেয়েছিলাম। তাই এ বিষয়ে আমি জেলা প্রশাসকের পরামর্শ নিতে কিশোরগঞ্জে গিয়েছিলাম।’তবে অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের নেতা সবুজ মিয়া ও জিল্লুর রহমান বলেছেন, কাজ চলমান থাকা অবস্থায় বিল তোলার নিয়ম থাকলেও গত বৃহস্পতিবার প্রকল্পের সভাপতিদের জরুরি তলব করে ইউএনও বলেছেন, তিনি শতভাগ কাজ শেষ করার আগে বিল দেবেন না। এ নিয়ে তাঁরা গতকাল ইউএনওর সঙ্গে কথা বলতে গিয়েছিলেন। তাঁরা কোনো কার্যালয়ের কাউকেই দপ্তর থেকে বের করে দেননি।