সরকারি কর্মীর বিরুদ্ধে মৃত ব্যক্তির অভিযোগ!
সাব-রেজিস্ট্রি কার্যালয়ের এক মোহরারের বিরুদ্ধে জেলা রেজিস্ট্রারের কাছে অভিযোগ করেন একই কার্যালয়ের এক দলিল লেখক। ওই অভিযোগের ভিত্তিতে তদন্তও করা হয়। তদন্ত করতে গিয়ে জানা যায়, যে তারিখে অভিযোগ করা হয়েছে, তার আগেই ‘অভিযোগকারী’ মারা গেছেন।চট্টগ্রামের সাতকানিয়া সাব-রেজিস্ট্রি কার্যালয়ের মোহরার জাফর আহমদ চৌধুরীর বিরুদ্ধে চট্টগ্রাম জেলা রেজিস্ট্রারের কাছে ওই অভিযোগ করা হয়। একই কার্যালয়ের দলিল লেখক মৃত রফিক আহমদের ‘স্বাক্ষরে’ ওই অভিযোগ দাখিল করা হয়।মোহরার জাফর আহমদ চৌধুরী বলেন, ‘আমার বিরুদ্ধে অভিযোগ করা হয় ৩০ এপ্রিল, অথচ অভিযোগকারী মারা গেছেন ১৮ এপ্রিল।’ তিনি বলেন, অসুস্থতার কারণে চট্টগ্রাম শহরে অবস্থান করে চিকিৎসার সুবিধার্থে তিনি চান্দগাঁও সাব-রেজিস্ট্রি কার্যালয়ে বদলির জন্য আবেদন করেন। বদলি নিশ্চিত হওয়ার আগে একটি কুচক্রী মহল তাঁর বদলি বাতিল করতে এ ষড়যন্ত্র করেছে।রফিক আহমদের নামে করা অভিযোগের ভিত্তিতে ২১ মে সাতকানিয়া সাব-রেজিস্ট্রি কার্যালয়ে তদন্ত করতে যান একজন কর্মকর্তা। তখন বিষয়টি বেরিয়ে আসে। অভিযোগ তদন্ত করেন চট্টগ্রাম সদর রেকর্ড রুমের সাব-রেজিস্ট্রার আশরাফুজ্জামান। এ ব্যাপারে তিনি বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে তিনি অভিযোগের তদন্ত করেছেন। তদন্ত প্রতিবেদনে মৃত ব্যক্তির নামে অভিযোগ দাখিলের বিষয়টি উল্লেখ করা হবে।জেলা রেজিস্ট্রার মো. আবদুল কাইয়ুম বলেন, ‘এখনো তদন্ত প্রতিবেদন পাইনি। প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখা হবে।’এদিকে ‘অভিযোগকারী’ মৃত রফিক আহমদের ছেলে মো. মোজাম্মেল হক বলেন, তাঁর বাবার সঙ্গে মোহরার জাফর আহমদের সুসম্পর্ক ছিল। এ ছাড়া অভিযোগ করে দেওয়া চিঠিতে যে স্বাক্ষর দেওয়া হয়েছে, তা তাঁর বাবার নয়।সাতকানিয়ার সাব-রেজিস্ট্রার আশেকুল হক বলেন, এটা কোনো কুচক্রী মহলের কারসাজি হতে পারে।