সরকারি কলেজ শিক্ষকদের কর্মসূচি পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে বৈঠকের পর আন্দোলন কর্মসূচি পিছিয়েছেন টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বহাল রাখাসহ কয়েকটি দাবিতে অন্দোলনরত সরকারি কলেজের শিক্ষকেরা। গতকাল বুধবার বিকেলে আন্দোলনে নেতৃত্বদানকারী বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কয়েকজন নেতা শিক্ষামন্ত্রীর সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠক করেন। বৈঠকের পর সমিতির জরুরি সভায় কর্মসূচি পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
গতকালের সিদ্ধান্ত অনুযায়ী, ক্লাস বর্জন কর্মসূচি হবে ১৯ অক্টোবর। আর শিক্ষা ভবনে অবস্থান কর্মসূচি হবে ১ নভেম্বর। পূর্ব ঘোষণা অনুযায়ী ১৩ ও ১৪ অক্টোবর পূর্ণদিবস ক্লাস বর্জন এবং ১৮ অক্টোবর শিক্ষাভবনে অবস্থান কর্মসূচি পালনের কথা ছিল সমিতির।
সমিতির মহাসচিব আই কে সেলিম উল্লাহ খোন্দকার গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, শিক্ষামন্ত্রী তাঁদের দাবিগুলো দেখবেন বলে জানিয়েছেন। তাঁর প্রতি সম্মান দেখিয়ে কর্মসূচি পুনর্নির্ধারণ করা হয়েছে।
এর আগে বেলা দুইটায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত মতবিনিময় সভায় সমিতির নেতারা বলেন, তাঁরা তাঁদের জন্য পৃথক বেতন স্কেল চান না। বর্তমান বেতনকাঠামোতেই শিক্ষকদের দাবি পূরণ করা সম্ভব। মতবিনিময় সভায় লিখিত বক্তব্য পড়ে শোনান সমিতির সভাপতি নাসরীন বেগম।
প্রসঙ্গত, প্রাথমিক, মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা পৃথক বেতন কাঠামো করার দাবি জানিয়ে আসছেন।
মতবিনিময় সভায় শিক্ষকনেতারা বলেন, অষ্টম জাতীয় বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহাল করতে হবে। এর আগে দাবি আদায়ে গতকাল সকালে সারা দেশে মানববন্ধন করেছেন তাঁরা।