জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিনেট সভা
সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত করায় সমালোচনা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিনেট সভায় রাজধানীর সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত করার সমালোচনা হয়েছে। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়টির বিশেষ সিনেট অধিবেশনে কয়েকজন সদস্য ক্ষোভ প্রকাশ করে বলেন, এ নিয়ে তাঁরা শিগগির প্রধানমন্ত্রীর কাছে যাবেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন অর রশিদের সভাপতিত্বে অধ্যাপক আবুল কালাম আজাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আনোয়ার হোসেন, বরগুনা-১ আসনের সাংসদ ধীরেন্দ্রনাথ শম্ভু, ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর মো. সিরাজ উদ্দিন আহমেদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মো. আসলাম ভূঁইয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. নোমান উর রশিদসহ মোট ৪৭ জন সিনেট সদস্য উপস্থিত ছিলেন।
ঢাকার সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্তির বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর মো. সিরাজ উদ্দিন আহমেদ বলেন, একটি মহল প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে এ কাজ করিয়েছে। এই শিক্ষাপ্রতিষ্ঠানকে যে ধ্বংস করা হচ্ছে, তার ব্যাখ্যা নিয়ে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর কাছে যাবে। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে ‘হয়রানিমূলক’ মামলা দায়েরের সমালোচনা করেন।
উপাচার্য হারুন অর রশিদ বলেন, দেশের ৩৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় স্বতন্ত্র বৈশিষ্ট্যমণ্ডিত। বড় পরিধির কারণে এটি পরিচালনার ক্ষেত্রে যত না সমস্যা, তার চেয়ে বেশি সমস্যা রয়েছে অনুন্নত অবকাঠামো, আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহারে অনীহা, শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে পেশাদারিত্বের অভাব এসবে। এগুলো মোকাবিলা করেই কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে।