প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সরকারি কলেজগুলোকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার ওপর গুরুত্বারোপ করেছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নানের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল গতকাল বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি (প্রধানমন্ত্রী) এ কথা বলেন। খবর বাসসের।
শেখ হাসিনা শিক্ষার অধিকতর বিকাশের ওপর গুরুত্ব আরোপ করে বলেন, তাঁর সরকার শিক্ষা বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক শিক্ষার সম্প্রসারণে কাজ করছে। তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দক্ষতা সার্বক্ষণিক তদারকি করতে ইউজিসিকে নির্দেশ দেন।
প্রসঙ্গত, বর্তমানে ডিগ্রি ও অনার্স পর্যায়ের সরকারি ও বেসরকারি কলেজগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
বাংলাদেশে বিনিয়োগ করতে আহ্বান: প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারস্পরিক স্বার্থে বাংলাদেশের সম্ভাবনাময় খাতগুলোতে বিনিয়োগ করতে তুরস্কের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করেছে। তুরস্কের উদ্যোক্তারা বাংলাদেশের বিভিন্ন সম্ভাবনাময় খাতে বড় ধরনের বিনিয়োগ করে এসব সুবিধার সুফল পেতে পারে।
তুরস্কের বিদায়ী রাষ্ট্রদূত হারসেইন মাফতুগুলু গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে শেখ হাসিনা এ আহ্বান জানান।