সরকারি কলেজে শিক্ষক হচ্ছেন সেই কাদের

বিনা দোষে পুলিশের নির্মম নির্যাতনের শিকার হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র আবদুল কাদের সরকারি কলেজে শিক্ষক হিসেবে নিয়োগ পাচ্ছেন। ৩৩তম বিসিএসের চূড়ান্ত ফলে তাঁকে শিক্ষা ক্যাডারে নিয়োগ দিতে সুপারিশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। গতকাল বৃহস্পতিবার এই ফল প্রকাশিত হয়।
প্রথম পছন্দ পুলিশ ক্যাডারে নিয়োগ না পেলেও এই ফলে খুশি প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগ থেকে গত বছর স্নাতকোত্তর পাস করা আবদুল কাদের। ফল জানার পর তিনি বলেন, ‘বিসিএস শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ হয়ে আমি খুশি। খুশি পরিবারও। এখানে পড়াশোনা করার অনেক সুযোগ পাব।’
২০১১ সালের ১৫ জুলাই রাতে ইস্কাটন গার্ডেন রোডের খালার বাসা থেকে হেঁটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে ফেরার পথে সেগুনবাগিচায় কাদেরকে আটকের পর নির্যাতন করে পুলিশ। পরে তাঁকে খিলগাঁও থানায় নিয়ে রাতভর হাজতে রেখে পেটানো হয়। পরদিন সকালে খিলগাঁও থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলালউদ্দিন তাঁর কক্ষে নিয়ে কাদেরকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন এবং তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা করেন। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তাঁর বিরুদ্ধে আরও দুটি মামলা হয়। ঘটনাটি প্রথম আলোসহ বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত হয়। তিনি ওই বছরের ৩ আগস্ট জামিনে মুক্তি পান। পরে মামলাগুলো থেকে তিনি অব্যাহতি পান।
কাদেরকে নির্যাতনের ঘটনায় সাবেক ওসি হেলালের বিরুদ্ধে করা ফৌজদারি মামলায় আগামী ১২ জানুয়ারি বাদীর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে। এই মামলার বাদী কাদের। তবে হেলালের বিরুদ্ধে বিভাগীয় মামলাটি স্থগিত আছে। একই ঘটনায় ওই থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) আলম বাদশার বিরুদ্ধে বিভাগীয় মামলায় দোষ প্রমাণিত হওয়ায় এএসআই পদে তাঁর পদাবনতি করা হয়েছে। পাঁচ বছরে তিনি পদোন্নতি পাবেন না এবং কোনো ঘটনার তদন্তও করতে পারবেন না। বিভাগীয় মামলা পরিচালনাকারী ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শৃঙ্খলা বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
কাদেরকে পুলিশের নির্যাতনের খবর পত্রিকায় প্রকাশিত হলে হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন এবং ঘটনাটি তদন্তে কমিটি গঠনের নির্দেশ দেন। ওই ঘটনায় আইন মন্ত্রণালয় ও পুলিশের তদন্ত কমিটি তাঁকে নির্দোষ উল্লেখ করে হাইকোর্টে প্রতিবেদন জমা দেয়। দুটি কমিটিই আলম বাদশার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ আনে।
নির্যাতনের ঘটনায় হেলালের বিরুদ্ধে খিলগাঁও থানায় করা মামলায় গত বছরের ২৬ মার্চ মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। হেলাল আদালতে আত্মসমর্পণ করেন এবং পরে জামিনে মুক্তি পান। বর্তমানে তিনি পুলিশের ঢাকা রেঞ্জে সাময়িক বরখাস্ত অবস্থায় সংযুক্ত আছেন। আদালত তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন।
ডিএমপির শৃঙ্খলা বিভাগের প্রধান উপকমিশনার মাসুদুর রহমান ভূঁইয়া সম্প্রতি বলেন, হেলালউদ্দিনের বিরুদ্ধে ফৌজদারি মামলা বিচারাধীন থাকায় বিভাগীয় মামলার কার্যক্রম স্থগিত রয়েছে।