সরকারি কলেজে সুযোগ পাচ্ছে না জিপিএ-৫ পাওয়া সবাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরে চট্টগ্রাম বোর্ড থেকে জিপিএ-৫ পাওয়া বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষার সব শিক্ষার্থী নগরের পাঁচটি সরকারি কলেজে ভর্তি হতে পারবে না। কারণ, শিক্ষার্থীদের পাসের হারের অনুপাতে এসব কলেজের অবকাঠামো সুযোগ-সুবিধা, আসন ও শিক্ষকসংখ্যা বাড়েনি।

এ ছাড়া দুটি কলেজের একটিতে শুধু ব্যবসায় শিক্ষা, অপরটিতে বিজ্ঞান এবং একটি কলেজে শুধু মেয়েদের ভর্তির সুযোগ রয়েছে। পাশাপাশি এসব কলেজে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অনেক শিক্ষার্থীও ভর্তি হবে।

এ অবস্থায় ভর্তি-সংকট নিরসনে কলেজগুলোতে দুই পালা চালুরও প্রস্তাবও তুলেছেন কেউ কেউ। কিন্তু আর্থিক সংকটসহ নানা কারণে তা বাস্তবায়ন সম্ভব হচ্ছে না।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ আজিজ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘ফলাফল অনুযায়ী যার যেখানে ঠিকানা হবে, আপাতত তা মেনে নেওয়া ছাড়া কোনো বিকল্প নেই। দুই পালা চালুর সঙ্গে সরকারের বিপুল অঙ্কের আর্থিক সংস্থানের সম্পর্ক জড়িত বলে এটা বাস্তবায়ন সহজ হবে না এ মুহূর্তে।’

ভর্তি-সংকট নিরসনে চট্টগ্রাম বোর্ডের কলেজ পরিদর্শক সুমন বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘আমরা সরকারি কলেজে অবকাঠামো এবং পর্যাপ্ত শিক্ষকের নিশ্চয়তা পেলে আসন বাড়ানোর বিষয়টি বিবেচনা করে দেখব।’

পাঁচটি সরকারি কলেজ হচ্ছে চট্টগ্রাম সরকারি কলেজ, সরকারি হাজী মুহম্মদ মুহসীন কলেজ, সরকারি সিটি কলেজ, নাসিরাবাদ সরকারি মহিলা কলেজ ও সরকারি কমার্স কলেজ। বোর্ড সূত্রে জানা যায়, চট্টগ্রাম কলেজ থেকে এ বছর বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে সাত হাজার ৩০৩ জন শিক্ষার্থী। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে পাঁচ হাজার ৪৭ জন এবং ব্যবসায় শিক্ষা থেকে দুই হাজার ২৫৬ জন জিপিএ-৫ পেয়েছে। অথচ সরকারি পাঁচটি কলেজে দুটি বিভাগে মোট আসন রয়েছে চার হাজার ৯০০টি। বিজ্ঞান বিভাগে এক হাজার ৬৫০ এবং ব্যবসায় শিক্ষায় দুই হাজার ২৫০টি আসন রয়েছে।

চট্টগ্রাম কলেজ, মুহসীন কলেজ ও সিটি কলেজে বিজ্ঞান বিভাগে সাড়ে চার শ করে আসন রয়েছে। সরকারি মহিলা কলেজে আসনসংখ্যা ৩০০। অপরদিকে, ব্যবসায় শিক্ষায় কমার্স কলেজ এবং সিটি কলেজের দিবা ও নৈশ শাখা মিলে ৭৫০টি করে আসন রয়েছে। মুহসীন কলেজে ৪৫০ ও মহিলা কলেজে ৩০০ আসন রয়েছে ব্যবসায় শিক্ষায়। পাঁচটি সরকারি কলেজের মধ্যে চট্টগ্রাম কলেজে ব্যবসায় শিক্ষা এবং কমার্স কলেজে বিজ্ঞান বিভাগ নেই। অন্যদিকে মহিলা কলেজে ছেলেদের পড়ার সুযোগ নেই। চট্টগ্রাম সরকারি সিটি কলেজের দিবা ও নৈশ শাখার দৃষ্টান্ত তুলে ধরে সরকারি মহিলা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান জাহেদ মাহমুদ বলেন, ‘আমাদের বেশির ভাগ কলেজেই বেলা দুটার পর শ্রেণী কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর দ্বিতীয় পালা চালু করলে ভর্তি-সংকট মেটানো যাবে। কলেজের বর্তমান শিক্ষকদের কিছু সুযোগ-সুবিধা বাড়িয়ে দিয়ে তাঁদের দ্বিতীয় পালায় নিয়োজিত করা যায়। এ ছাড়া সংযুক্তি অথবা বাইরে থেকে খণ্ডকালীন শিক্ষক নিয়োগ দিয়েও দ্বিতীয় পালায় পাঠদান সম্ভব। এতে খুব একটা আর্থিক ক্ষতির কিছু নেই।’

এ ব্যাপারে চট্টগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ শেখর দস্তিদার বলেন, ‘আমাদের কলেজে বিকেলেও অনার্সের ক্লাস থাকে। ফলে বর্তমান অবকাঠামোতে দ্বিতীয় পালা চালু করা সম্ভব নয়।’ পর্যাপ্ত এবং অভিজ্ঞ শিক্ষক না হলে পাঠদান মানসম্মত হবে না বলে মনে করেন তিনি।