অভিজ্ঞতার ভুয়া সনদ দিয়ে চাকরি নেওয়ায় রংপুর সরকারি কারমাইকেল কলেজের দুই সহকারী অধ্যাপককে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। তবে একই অভিযোগ থাকা ওই কলেজের অপর দুই শিক্ষককে এ-সংক্রান্ত বিভাগীয় মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।অপসারিত দুই শিক্ষক হলেন: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের আবুল কালাম আজাদ ও বাংলা বিভাগের দিল তানজিলা মালেক। রেহাই পাওয়া দুই শিক্ষক হলেন: ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. রেজাউল করিম ও দর্শন বিভাগের মোছা. রাবিয়া সুলতানা।শিক্ষা মন্ত্রণালয় জানায়, ৯ ও ১৩ ডিসেম্বর দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে ওই দুই শিক্ষককে চাকরি থেকে অপসারণ করা হয়। অপর দুজনকে বিভাগীয় মামলা থেকে অব্যাহতি দেওয়া হয় গত আগস্ট মাসে।মন্ত্রণালয়ের সূত্রমতে, এ চারজন সরকারের ১০ শতাংশ কোটায় সরাসরি সহকারী অধ্যাপক পদে নিয়োগ পেয়ে ২০০৬ সালের ১৪ জুন চাকরিতে যোগ দেন। অভিযোগ ওঠে, তাঁরা অভিজ্ঞতার ভুয়া সনদ দিয়ে চাকরি নিয়েছেন। এ নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। পরে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বিষয়টি তদন্ত করায়। ওই তদন্ত প্রতিবেদনে বলা হয়, এই চার শিক্ষকই বেসরকারি কলেজের অভিজ্ঞতার ভুয়া সনদ দিয়ে নিয়োগ পান।এরপর তাঁদের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী ‘অসদাচরণ ও দুর্নীতি’র অভিযোগে বিভাগীয় মামলা করা হয়। পরে বিষয়টি নিয়ে আবার তদন্ত হয়। এ তদন্তে চাকরিচ্যুত দুজনের বিরুদ্ধে অভিযোগ ‘সন্দেহাতীতভাবে’ প্রমাণিত হয়। পরে এ বিষয়ে তাঁদের জবাব নেওয়া হয়, কিন্তু জবাব সন্তোষজনক বলে বিবেচিত হয়নি। এ জন্য তাঁদের দুজনকে অপসারণ করা হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়।এদিকে রেজাউল করিম ও রাবিয়া সুলতানার বিরুদ্ধে অভিযোগ ‘সন্দেহাতীতভাবে’ প্রমাণিত হয়নি বলে মন্ত্রণালয়ের পরিপত্রে বলা হয়। এ জন্য তাঁদের বিভাগীয় মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী গতকাল বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, তদন্তের ভিত্তিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।