সরকারি কলোনিতে পশুর হাট!
রাজধানীতে কোরবানির পশুর হাটের যেন কোনো নির্দিষ্ট সীমানা-পরিসীমা নেই। সরকারি কলোনির ভেতরেও বসেছে পশুর হাট। গতকাল মঙ্গলবার কয়েকটি পশুর হাট ঘুরে এ চিত্র দেখা গেছে। ঢাকা সিটি করপোরেশন উত্তরের ইজারার দরপত্র অনুযায়ী, আগারগাঁও পশুর হাটের নির্ধারিত স্থান আগারগাঁও বস্তির খালি জায়গা। আর তালতলা পশুর হাট হচ্ছে, তালতলা বাসস্ট্যান্ডসংলগ্ন খালি জায়গা। তালতলা বাসস্ট্যান্ড থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ভবনের দূরত্ব হচ্ছে প্রায় এক কিলোমিটার। এই পথ ছাড়াও তালতলা পশুর হাটটি দখল করেছে সরকারি সংগীত কলেজের সামনের রাস্তাসহ তালতলা সরকারি কলোনির ভেতরের রাস্তা। পঙ্গু হাসপাতালের সামনের সমবায় মাঠ থেকে শুরু হওয়া আগারগাঁও পশুর হাট ইসলামিক ফাউন্ডেশনের ফটক পর্যন্ত গিয়ে ঠেকেছে। এর অদূরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ভবনের সামনে থেকেই শুরু তালতলা পশুর হাট। সরকারি কলোনিতে পশুর হাট: তালতলা সরকারি কলোনির ভেতরের প্রায় সব কটি রাস্তায় শত শত গরু রাখা বিক্রির জন্য। গত সোমবার রাত দুইটার পর থেকে গরুবাহী ট্রাক কলোনিতে ঢুকতে শুরু করে। কলোনির একাধিক বাসিন্দা জানান, পশুর ময়লায় কলোনির পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে।জানা গেছে, ইজারায় সর্বোচ্চ দর ৪০ হাজার টাকা ওঠায় তালতলা গরুর হাটটি পরিচালনা করছে সিটি করপোরেশন। গতকালই পরিবেশ অধিদপ্তর ওই জাগায় গরুর হাট না বসানোর জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনকে অনুরোধ করেছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. ফসিউল্লাহ বলেন, ‘বিষয়টি নিয়ে কথাবার্তা হচ্ছে। আগামীবার আমরা ওখানে হাট না দিয়ে বিকল্প জায়গার চিন্তা করছি।’গুরুত্বপূর্ণ স্থাপনা ঘিরে পশুর হাট: আগারগাঁও পশুর হাট আগারগাঁওয়ের বিভিন্ন রাস্তায় ছড়িয়ে গেছে। এমনকি জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) বাংলাদেশ বেতার ভবনের ফটকসহ তিন পাশ ঘিরে গরুর হাট বসানো হয়েছে। এ ছাড়া এডিবি-বিশ্বব্যাংক ভবন, ইনস্টিটিউশন অব নিউরোলজি সায়েন্স অ্যান্ড হাসপাতাল, প্রত্নতত্ত্ব ভবন, চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট, পরিবেশ অধিদপ্তরের ফটকসহ আশপাশের এলাকা, পিকেএসএফ ভবন থেকে ইসলামিক ফাউন্ডেশন ভবন পর্যন্ত রাস্তায় গরুর হাট বসেছে। পশুর হাটের ফলে জন চলাচলে প্রতিবন্ধকতাসহ ময়লা-পূতি দুর্গন্ধময় এই পরিস্থিতিকে বিব্রতকর উল্লেখ করে গতকালই ঢাকা উত্তর সিটি করপোরেশনকে চিঠি দিয়েছে পরিবেশ অধিদপ্তর। জানতে চাইলে পরিবেশ অধিদপ্তরের পরিচালক মুহম্মদ মউদুদউর রশীদ সফদার প্রথম আলোকে বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পরিবেশ অধিদপ্তরের আশপাশের রাস্তাসহ এলাকার জন চলাচল সুগম করতে ব্যবস্থা নেওয়ারও অনুরোধ করা হয়েছে।এ ব্যাপারে জানতে এই হাটের ইজারাদার এসঅ্যান্ডএস ট্রেডার্সের স্বত্বাধিকারী আবদুস সোবহানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। অবৈধ হাট: ঢাকার দুই সিটি করপোরেশন মহানগরের বিভিন্ন স্থানে ২০টি পশুর হাট ইজারা দিয়েছে। কিন্তু এর বাইরেও একাধিক জায়গায় অবৈধ হাট বসেছে। এর মধ্যে ঢাকা দক্ষিণে আনন্দবাজার থেকে চানখাঁরপুল, কমলাপুর স্টেডিয়ামের পাশে এবং ধানমন্ডির বিভিন্ন সড়কে ছোট ছোট অবৈধ হাট বসে।ঢাকা দক্ষিণের প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. তাজুল ইসলাম বলেন, ‘খবর পাওয়ার পর এ পর্যন্ত তিনটি হাট আমরা উচ্ছেদ করে দিয়েছি।’ঢাকা উত্তরে বিমানবন্দর থেকে উত্তরা সড়কের পূর্ব পাশে বিক্ষিপ্তভাবে হাট বসতে দেখা যায়। গাবতলী পশুর হাটসংলগ্ন বেড়িবাঁধের রাস্তার পাশে দ্বীপনগর এলাকায় অবৈধ গরুর হাট বসতে দেখা যায়।নয়াবাজারে রাস্তার ওপর পশু: জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, আরমানিটোলা মাঠ পশুর হাটের জন্য ইজারা দেওয়া হয়। কিন্তু রায়সাহেব বাজার মোড় থেকে বাবুবাজার সেতু ও নয়াবাজার মোড় থেকে বংশাল পর্যন্ত সড়কের দুই পাশ দখল করে বসেছে পশুর হাট। ইসলামপুর সড়ক, বাবুবাজার সেতুর ওপর ও ইংলিশ রোডের পার্কেও পশুর হাট বসেছে। এর ফলে পুরান ঢাকার বিভিন্ন সড়কে মারাত্মক যানজট দেখা দেয়।কোতোয়ালি থানার ওসি আবুবকর সিদ্দিক বলেন, হাটে জায়গা না হওয়ায় ব্যবসায়ীরা রাস্তায় পশু নিয়ে বসেছেন। পুলিশ চেষ্টা করছে রাস্তার যান চলাচল পরিস্থিতি স্বাভাবিক রাখতে।