সরকারি কাজ, টাকা দিতে হচ্ছে শিক্ষকদের!
কক্সবাজারের রামু উপজেলায় শিশুশিক্ষা ও সাক্ষরতা জরিপের সব তথ্যের কম্পিউটার কম্পোজ ও কমপেক্ট ডিস্ক (সিডি) করার খরচ শিক্ষকদের (জরিপকারী) টাকায় মেটাতে হচ্ছে। ফলে শিক্ষকদের এ কাজে পাওয়া ৫০০ টাকা ভাতার মধ্যে এক-দেড় শ টাকা এভাবে চলে যাচ্ছে। এতে শিক্ষকদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে। উপজেলা শিক্ষা কার্যালয় সূত্র জানায়, চলতি বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে সারা দেশে সপ্তাহব্যাপী শিশুশিক্ষা ও সাক্ষরতা জরিপ চলে। উপজেলায় শূন্য থেকে ১৪ বছরের শিশু আছে এ রকম প্রায় ৪৩ হাজার পরিবারে জরিপ চালানো হয়। সরকারি, কমিউনিটি ও রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৪০০ শিক্ষক এই জরিপে অংশ নেন। জরিপকারীদের জন্য সাত দিনে ৫০০ টাকা ভাতা বরাদ্দ দেওয়া হয়।শিক্ষকেরা জানান, সাত দিন হাড়ভাঙা পরিশ্রম করে ৫০০ টাকার মধ্যে ভ্যাট ও রাজস্ব স্ট্যাম্প বাবদ শিক্ষা কার্যালয় ২০ টাকা কেটে রাখে। শিক্ষকেরা পান ৪৮০ টাকা। সেখান থেকে কম্পোজ ও সিডি করার জন্য প্রতি শিক্ষককে ৫০ থেকে ১৫০ টাকা করে দিতে হয়েছে। প্রধান শিক্ষকেরা এ টাকা কমিটির (কম্পোজ ও সিডি করাসংক্রান্ত গঠিত উপকমিটি) কাছে দেন।দক্ষিণ মিঠাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (তৎকালীন) সহকারী শিক্ষক (বর্তমানে উত্তর মিঠাছড়ি বিদ্যালয়ে কর্মরত) তাজল বড়ুয়া ক্ষোভের সঙ্গে বলেন, ‘সাত দিনে ৫০০ টাকা ভাতা দিয়ে সেখান থেকে আবার টাইপ ও সিডি করার খরচ মেটানোর বিষয়টি শিক্ষকদের ওপর অবিচার এবং অপমানজনক।’উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও জারাইলতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম জানান, এ কাজ সম্পন্ন করতে সরকার থেকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না পাওয়ায় শিক্ষা কর্মকর্তা নিজ নিজ বিদ্যালয়কে কম্পিউটার কম্পোজ করে ওই তথ্যের সিডি জমা দিতে বলেন। কিন্তু আলাদা করলে খরচ বেশি পড়ায় প্রধান শিক্ষকেরা পুরো উপজেলার তথ্য একসঙ্গে কম্পোজ করে একটি সিডি করে জমা দেওয়ার সিদ্ধান্ত নেন। এ কাজ করতে সুনীল শর্মাকে আহ্বায়ক করে একটি উপকমিটিও গঠন করা হয়। বিষয়টি শিক্ষকদের ওপর অবিচার উল্লেখ করে তিনি বলেন, ‘সরকারের একটি জাতীয় কর্মসূচি পরিচালনায় পর্যাপ্ত বাজেট না দেওয়ার বিষয়টি দুঃখজনক।’উপকমিটির আহ্বায়ক সুনীল কুমার শর্মা জানান, প্রতি পৃষ্ঠা কম্পিউটার কম্পোজ করতে ৭৫ পয়সা খরচ পড়ছে। সব মিলিয়ে প্রায় ৩৫ হাজার টাকা ব্যয় হচ্ছে। দু-এক দিনের মধ্যেই শতভাগ কাজ সম্পন্ন হবে।উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জাকের উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘এ কাজের জন্য সর্বনিম্ন প্রতি পৃষ্ঠা ৭৫ পয়সা খরচ পড়লেও সরকারিভাবে পাওয়া গেছে মাত্র ২০ পয়সা করে। আমি ওই টাকা (সাড়ে আট হাজার) উপকমিটির হাতে দিয়েছি, তারা কাজটি করছে।’ শিক্ষকদের কাছ থেকে টাকা নিয়ে সরকারি কাজ বাস্তবায়নের বিষয়টি অসুন্দর মন্তব্য করে তিনি বলেন, ‘নিরুপায় হয়ে কাজটি করতে হচ্ছে। তবে এ কাজের জন্য আরেকটি বরাদ্দ পাওয়ার কথা শুনেই আমি শিক্ষকদের বলেছি। ওই টাকা এলেই সমন্বয় করে দেওয়া হবে।’