সরকারি কাজ ভাগাভাগি করলেন ঠিকাদারেরা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি ঠিকাদারি কাজ ভাগাভাগির বিধান না থাকলেও পাবনার ঈশ্বরদীর পাকশী রেলের উন্নয়ন ও সংস্কারকাজ ভাগাভাগির অভিযোগ পাওয়া গেছে। ‘পাকশী রেল ঠিকাদার সমিতির’ নামে ঠিকাদারেরা গত বৃহস্পতিবার দুটি কাজ ভাগাভাগি করেন। এর মধ্যে একটি কাজের টাকা ঠিকাদারদের বার্ষিক বনভোজনের জন্য ব্যয় করা হবে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, পাকশী বিভাগীয় রেলওয়ে সেতু প্রকৌশলী (পশ্চিম) কার্যালয় থেকে দুটি কাজের জন্য দরপত্র আহ্বান করা হয়। কাজ দুটি হলো পাঁচবিবি রেলস্টেশন শেডের চালা পরিবর্তন করে নতুন চালা স্থাপন করা। এর প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৮ লাখ ৬১ হাজার টাকা। তা ছাড়া আলমডাঙ্গা লাইনের ১৮১ নম্বর রেলসেতুর পুনরায় রং করা। এর প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১৯ লাখ টাকা। দরপত্র দাখিলের শেষ সময় ছিল বৃহস্পতিবার দুপুর ১২টা। ১৫৮টি দরপত্র কেনা হলেও কাজ ভাগাভাগির কারণে মাত্র ছয়টি দাখিল করা হয়।
ঠিকাদারদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁদের বার্ষিক বনভোজনের তহবিল সংগ্রহের জন্য দরপত্র দাখিল করতে আসা ৫০ থেকে ৬০ জন ঠিকাদারকে নিয়ে বৃহস্পতিবার সকালে পাকশী রেল ঠিকাদার কার্যালয়ের সামনে ‘সমঝোতা বৈঠকে’ বসেন ঠিকাদার সমিতির সভাপতি ও পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হবিবুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও পাকশী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনামুল হক বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম মোস্তফা। ঠিকাদার সমিতির সভাপতি একটি কাজ বিক্রির টাকা বনভোজনের জন্য ব্যয়ের অনুরোধ করেন। আরেকটি কাজ ভাগাভাগির প্রস্তাব দেন। উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ঠিকাদার মোস্তাফিজুর রহমান এতে দ্বিমত পোষণ করেন। এ নিয়ে ইউপি চেয়ারম্যানের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়। পরে তিনি দরপত্র দাখিল না করে চলে যান। এরপর ঠিকাদারেরা কাজ দুটি কিনে নেওয়ার জন্য দর হাঁকেন।
জানতে চাইলে ঠিকাদার মোস্তাফিজুর রহমান বলেন, বনভোজনের টাকা জোগাড় করতে রেলের কাজ ভাগ-বাঁটোয়ারা করতে তাঁকে ডাকা হয়। কিন্তু তিনি দরপত্র দাখিল করতে চাইলে তাঁকে মানা করা হয়। এরপর তিনি দরপত্র দাখিল না করে চলে যান।
পাকশী ইউপির চেয়ারম্যান বলেন, নতুন বছরের শুরুতে রেলওয়ের তালিকাভুক্ত ঠিকাদারদের পরিবার-পরিজন নিয়ে আগামী রোববার বনভোজন করা হবে। এতে রেলের কর্মকর্তারাও অংশ নেবেন। তাই সবার মতামত নিয়ে তহবিল গঠনের জন্য কাজ ভাগাভাগি করা হয়েছে।
ঠিকাদার হবিবুল ইসলাম বলেন, ‘আমরা এর আগেও এভাবে ঠিকাদারি কাজ ভাগাভাগি করে নিয়েছি। এতে রেলের কোনো ক্ষতি হবে না।’
পাকশী বিভাগীয় সেতু প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, দুটি কাজের জন্য তাঁর দপ্তর থেকে ১৫৮টি দরপত্র বিক্রি হয়। তবে বৃহস্পতিবার বিকেলে দরপত্রের বাক্স খোলার পর দেখা গেছে দুটি কাজের জন্য তিনটি করে ছয়টি দরপত্র দাখিল করা হয়েছে। ঠিকাদারদের কাজ ভাগাভাগির বিষয়টি তাঁর জানা নেই।
পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী রমজান আলী বলেন, এ ধরনের ঘটনা ঘটে থাকলে রেলের কাজের মান খারাপ হবে। সরকারি কোনো ঠিকাদারি কাজ ভাগাভাগি করার বিধান নেই। ঘটনা সত্য হলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।