সরকারি কাজে বাধা, ভাঙচুরের ঘটনায় দুটি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাখনি এলাকায় গত সোমবারের সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় খনি কর্তৃপক্ষ ও পুলিশ পার্বতীপুর থানায় দুটি মামলা করেছে। সরকারি কাজে বাধা, অগ্নিসংযোগ, সরকারি সম্পত্তি ভাঙচুর ও পুলিশের ওপর হামলা চালানোর অভিযোগে খনি অবরোধকারী ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের বিরুদ্ধে মামলা দুটি হয়েছে। একটি মামলায় বাদী কয়লাখনির উপব্যবস্থাপক (প্রশাসন) মাসুদুর রহমান এবং অপরটির পার্বতীপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সম্ভু দাস গুপ্ত সুমন।দুটি মামলায়ই বড়পুকুরিয়া জীবন ও সম্পদরক্ষা কমিটির আহ্বায়ক মো. ইব্রাহীম খলিল, সদস্যসচিব বেলাল হোসেন, ওয়াহেদুল ইসলামসহ অজ্ঞাতনামা পাঁচ শতাধিক লোককে আসামি করা হয়েছে। গত সোমবার গভীর রাতে মামলা দুটি করা হয়। এখন পর্যন্ত এ মামলার কোনো আসামি গ্রেপ্তার হয়নি।এ মামলা সম্পর্কে জীবন ও সম্পদ রক্ষা কমিটির আহ্বায়ক ইব্রাহীম খলিল বলেন, ‘এ ঘটনার জন্য প্রশাসনেই দায়ী। শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালনকালে পুলিশ অতর্কিত ও উসকানিমূলকভাবে আন্দোলনকারীদের ওপর চড়াও হয়। প্রশাসনের নির্দেশেই পুলিশ এ হামলা চালায়। তিনি বলেন, মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগে দায়ের করা এ মামলার কারণে আমরা ভীত নই।’