সরকারি কাজে বাধা, মারধরের ঘটনায় ১৬ জনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি কাজে বাধাদান ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মারধরের ঘটনায় করা মামলায় সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের রাজাপুর গ্রামের ১৬ জনকে এক বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ধরমপাশার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক মোহামঞ্চদ শহিদুল ইসলাম গতকাল বুধবার এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিদের মধ্যে ফৌজদার মিয়া, সবুজ মিয়া, জিয়াউর রহমান, ওমর ফারুক, এলাহি, আজির রহমান, বকুল, নেহার বাদশা, রতন মিয়া, জামাল, বদরুল ও নাইয়ুম আদালতে উপস্থিত ছিলেন। অন্য চারজন পলাতক রয়েছেন।২০০৮ সালের ২৬ নভেম্বর উপজেলা সহকারী কমিশনারসহ (ভূমি) কয়েকজন কর্মকর্তা-কর্মচারী সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের হুলাসখালী এলাকায় কাটা বাঁধ পরিদর্শনে যান। তখন স্থানীয় লোকজন তাঁদের বাধা দেন ও কয়েকজনকে মারধর করেন। এ ঘটনায় পরদিন জয়শ্রী ইউনিয়ন ভূমি কার্যালয়ের তৎকালীন ভূমি সহকারী কর্মকর্তা বিধান চন্দ্র দাস ১৬ জনকে আসামি করে ধরমপাশা থানায় মামলাটি করেন। ধরমপাশা থানার উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন জানান, আদালতের রায়ের পর উপস্থিত ১২ আসামিকে গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে।