সরকারি কাজে বাধা, দুজনের কারাদণ্ড
সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে নারায়ণগঞ্জ শহরে দুজনকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার মাদক ব্যবসায়ী মনিরুজ্জামান শাহিন ওরফে বন্দুক শাহিনের শহরের মাসদাইর এলাকার বাড়িতে অভিযান চালানোর সময় আদালত তাঁদের কারাদণ্ড দেন। আদালত এই সময় শাহিনের বাড়ি সিলগালা করে দেন।
দণ্ড পাওয়া ওই দুজন হলেন মনিরুজ্জামান শাহিনের বাবা আবদুল জলিল ও তাঁর বাড়ির কর্মচারী আনোয়ার। শাহিন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এবং জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকারের ছোট ভাই সাব্বির আলম হত্যা মামলার অন্যতম আসামি।
সদর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল বেলা তিনটার দিকে সদরের ইউএনও গাউসুল আজমের নেতৃত্বে মনিরুজ্জামান শাহিনের বাড়িতে অভিযান চালানো হয়।
গাউসুল আজম জানান, শাহিনের বিরুদ্ধে মাদক ব্যবসা করার অভিযোগ রয়েছে। গতকাল তাঁর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় শাহিনের বাবা জলিল ও কর্মচারী আনোয়ার সরকারি কাজে বাধা এবং কর্তব্যরতদের সঙ্গে দুর্ব্যবহার করায় তাঁদের ওই শাস্তি দেওয়া হয়েছে।