সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে কমলগঞ্জে আটক চার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের মঙ্গলপুরে ভূমি অফিসের চারজন কর্মকর্তা-কর্মচারীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার মঙ্গলপুরের খাসজমি থেকে রামেশ্বরপুর গ্রামের ছাতির মিয়ার নেতৃত্বে কয়েকজন গাছ কাটছিলেন। সংবাদ পেয়ে ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী সত্যজিত্ সিংহ, অফিস সহকারী মোহন মিয়া, চেইনম্যান আবদুস সালাম ও নৈশপ্রহরী আফতাব তাঁদের নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ছাতির মিয়া তাঁদের আটকে মারধর করেন। বিকেলে ইউএনও প্রকাশ কান্তি চৌধুরী পুলিশ নিয়ে তাঁদের উদ্ধার করেন ও ছাতির মিয়া ও তাঁর চার ছেলেকে আটক করা হয়। রাতে কমলগঞ্জ উপজেলা ভূমি অফিসের কানুনগো আবুল কাশেম আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন। আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।