সরকারি কাজে বাধা প্রতিমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের ভাতিজা ও লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর সাব্বির হোসেনকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গত রোববার রাতে তিস্তা ব্যারাজ এলাকা থেকে সাব্বিরকে আটক করা হয়। ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল সোমবার বিকেলে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।সাব্বিরকে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড় ও হাতীবান্ধা বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করে ছাত্রলীগ ও যুবলীগ। পরে বেলা ১১টার দিকে তারা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।পুলিশ ও তিস্তা ব্যারাজ-সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, ১১ মার্চ থেকে তিস্তা ব্যারাজের ওপর দিয়ে ২০ টনের অধিক ওজনের পণ্যবোঝাই যান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্যারাজের ওপর দিয়ে ৩০-৩২ টনের পণ্যবোঝাই যান চলাচলের জন্য চাপ সৃষ্টি করেন ক্ষমতাসীন দলের কিছু প্রভাবশালী নেতা। এতে রাজি না হওয়ায় ব্যারাজের সহকারী পরিচালক (নিরাপত্তা) প্রকৌশলী হাফিজুর রহমানকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ওই প্রকৌশলী জীবনের নিরাপত্তা ও পেশাগত কাজে সহযোগিতা চেয়ে ১৬ মার্চ হাতীবান্ধা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। গত রোববার সন্ধ্যায় প্রতিমন্ত্রী মোতাহারের ভাই মোয়াজ্জেম হোসেনের ছেলে ছাত্রলীগের নেতা সাব্বির দলবল নিয়ে কর্তব্যরত কর্মকর্তা ও কর্মচারীদের ব্যারাজের ওয়েব্রিজ থেকে তাড়িয়ে দেন। এ সময় তাঁরা টোল প্লাজায় অবস্থান নিয়ে মাত্রাতিরিক্ত পণ্যবোঝাই প্রায় ২০টি ট্রাক ব্যারাজের ওপর দিয়ে পারাপার করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারওয়ার হোসেন ও হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস সরকার ঘটনাস্থলে গিয়ে সাব্বিরকে আটক করেন।