সরকারি কারখানার অব্যবহৃত জমি চান উদ্যোক্তারা

সরকারি কারখানার অব্যবহৃত জমি বেসরকারি খাতে বরাদ্দের জন্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর কাছে দাবি জানান শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ী নেতারা। তাঁরা বলছেন, এসব প্রতিষ্ঠান এখন অর্থনীতির জন্য রক্তক্ষরণ। তাই সরকারি বন্ধ মিল-কারখানার জমি বেসরকারি খাতে শিল্প স্থাপনে বরাদ্দ দিলে সেখানে লাভজনক প্রতিষ্ঠান গড়ে উঠবে।
ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (আইসিসিবি) আয়োজিত মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়। জবাবে শিল্পমন্ত্রী বলেছেন, সরকারি মিল-কারখানা বিক্রি ও ইজারা দেওয়ার কোনো সিদ্ধান্ত এখন আর সরকারের নেই। উদ্যোক্তারা চাইলে এসব মিল-কারখানায় অংশীদারত্বের ভিত্তিতে নতুন শিল্প গড়ে তোলার বিষয়টি বিবেচনা করা যেতে পারে।
শিল্প মন্ত্রণালয় নতুন যে শিল্পনীতি করতে যাচ্ছে, সেটিকে ঘিরে শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ীদের অভিমত তুলে ধরতে গতকাল রোববার এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। রাজধানীর দিলকুশায় মেট্রো চেম্বারে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন আমির হোসেন আমু।
সভায় আসন্ন শিল্পনীতির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন মন্ত্রণালয়ের সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া ও জ্যেষ্ঠ সহকারী সচিব সেলিম উল্লাহ। তাঁরা জানান, নতুন খসড়া শিল্পনীতিতে জাতীয় আয়ে শিল্প খাতের অবদান ২৯ শতাংশ থেকে বাড়িয়ে ৪০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি), বিনিয়োগ প্রণোদনার ক্ষেত্র বৃদ্ধি, অর্থনৈতিক শিল্পাঞ্চল ও সবুজ শিল্পায়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সেই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের উন্নয়নে এক অঙ্কের সুদে ঋণ-সহায়তা প্রদানের বিষয়টিও বিশেষ গুরুত্ব পেয়েছে।
তবে সভায় উপস্থিত একাধিক শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ী নেতা শিল্পনীতি ও শিল্প মন্ত্রণালয়ের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁরা বলছেন, শিল্পনীতি শুধুই একটি নীতি, আইন নয়। এ ছাড়া শিল্প মন্ত্রণালয় শুধু সরকারি কিছু শিল্প কারখানা দেখভাল করে থাকে। বেসরকারি খাতের সঙ্গে এ মন্ত্রণালয়ের খুব বেশি যোগসূত্র নেই।
আইসিসিবির সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহবুব জামিল, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সাবেক সভাপতি মীর নাসির হোসেন ও এ কে আজাদ, নিউজ পেপারস ওনার্স অ্যাসোসিয়েশনের (নোয়াব) সভাপতি ও প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, আমেরিকান চেম্বারের সাবেক সভাপতি আফতাবুল ইসলাম, ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আসিফ ইব্রাহীম, উত্তরা গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান মতিউর রহমান, কর্ণফুলী সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক তৌফিক আলী, আবদুল মোনেম লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক মঈনউদ্দিন মোনেম প্রমুখ। ধন্যবাদ জ্ঞাপন করেন মেট্রো চেম্বারের সহসভাপতি আকতার মতিন চৌধুরী।
সভায় শিল্পমন্ত্রী বলেন, শিল্পায়নকে গুরুত্ব দিয়ে নতুন শিল্পনীতি প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে জাতীয় প্রবৃদ্ধিতে শিল্পায়নের অবদান বৃদ্ধির সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। মন্ত্রী আরও বলেন, কোনো নিয়ম-নীতির মধ্যে দেশটি গড়ে ওঠেনি। এ কারণে বিচ্ছিন্নভাবে যেখানে-সেখানে শিল্প কারখানা গড়ে উঠেছে। এখন এসে বিভিন্ন খাতকে নিয়ম-নীতির আওতায় আনার চেষ্টা চলছে। শিল্পায়ন এগিয়ে নিতে বর্তমান সরকার বেসরকারি খাতকে সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে। পাশাপাশি সরকারি লোকসানি মিল-কারখানাও নানা উপায়ে লাভজনক করার চেষ্টা চলছে। এ সময় তিনি জানান, সরকারি মালিকানাধীন প্রগতির মাধ্যমে দেশে গাড়ি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া সরকারি চিনিকলগুলোর আধুনিকায়ন ও কিছু পরিবর্তনের মাধ্যমে লাভজনক করার প্রচেষ্টা চলছে।
সভাপতির বক্তব্যে মাহবুবুর রহমান বলেন, কাঙ্ক্ষিত বিনিয়োগ পেতে হলে সবার আগে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান করতে হবে। পাশাপাশি সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে সমন্বয়, পিপিপির আওতায় বিনিয়োগ বৃদ্ধি, বিনিয়োগ প্রক্রিয়াকে সহজ করতে হবে।
মাহবুবুর রহমান আরও বলেন, সরকারি মিল-কারখানায় অনেক জমি অব্যবহৃত পড়ে আছে। অথচ বেসরকারি খাতে শিল্প স্থাপনে জমির সমস্যা একটি বড় বাধা। তাই সরকারি মিলের অব্যবহৃত জমি বেসরকারি খাতে বরাদ্দ দিলে তা নতুন শিল্প স্থাপনে সহায়ক হবে।
মীর নাসির হোসেন বলেন, সরকারি লোকসানি মিল-কারখানাগুলো অর্থনীতির জন্য রক্তক্ষরণ। একদিকে বেসরকারি খাত শিল্প স্থাপনের জন্য জমি পাচ্ছে না, অন্যদিকে সরকারি মিলগুলোতে বিপুল জমি অব্যবহৃত পড়ে আছে।
এ কে আজাদ বলেন, বিপুল পরিমাণ লোকসান দিয়ে সরকারি মিলগুলো অব্যবহৃত অবস্থায় ফেলে রাখা হয়েছে। অথচ সেগুলো যদি বেসরকারি উদ্যোক্তাদের দেওয়া হয়, তাহলে সেখানে লাভজনক শিল্প গড়ে তোলা সম্ভব। এ সময় তিনি আরও বলেন, সরকার ১০০ বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। এগুলোর কোনটির কাজ কখন শেষ হবে, তার একটি সুস্পষ্ট পথনকশা দেওয়া উচিত। তাহলে সে অনুযায়ী উদ্যোক্তারা তাঁদের বিনিয়োগের সিদ্ধান্ত নিতে পারবেন।
মাহবুব জামিল বলেন, শিল্প মন্ত্রণালয় শিল্পনীতি করলেও বেসরকারি শিল্পের ওপর এ মন্ত্রণালয়ের তেমন কোনো নিয়ন্ত্রণ নেই। বেসরকারি শিল্পের নিবন্ধন দেয় বিনিয়োগ বোর্ড।
একই প্রশ্ন তোলেন উত্তরা গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান মতিউর রহমান। তিনি বলেন, শিল্প-সংক্রান্ত সব সমস্যার সমাধান শিল্প মন্ত্রণালয় থেকে পাওয়ার কথা থাকলেও এ মন্ত্রণালয়ের সঙ্গে বেসরকারি খাতের খুব বেশি যোগসূত্র নেই। আমরা চাই শিল্প-সংক্রান্ত সমস্যার সমাধান এ মন্ত্রণালয় থেকে দেওয়া হোক।
অনুষ্ঠানে উপস্থিত শিল্পমন্ত্রীও এ সীমাবদ্ধতার কথা স্বীকার করে বলেন, ঝগড়াঝাঁটি করে তো আর সমস্যার সমাধান হবে না। এভাবেই ধীরে ধীরে এগোতে হবে। এ সময় তিনি আরও বলেন, ‘আমিও খুব খুশি হতাম, যদি শিল্পের সব নিয়ন্ত্রণ শিল্প মন্ত্রণালয়ের হাতে থাকত।’
নোয়াবের সভাপতি মতিউর রহমান বলেন, সংবাদপত্রকে সরকার শিল্পের মর্যাদা দিয়েছে। কিন্তু এ শিল্পের অগ্রযাত্রায় বেশ কিছু প্রতিবন্ধকতা রয়েছে। এসব প্রতিবন্ধকতা দূর করতে তিনি সরকারের সহায়তা কামনা করেন। মতিউর রহমান আরও বলেন, সরকারি কলকারখানা বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পর সেগুলোকে আবার সরকারি উদ্যোগে পরিচালনা করার সিদ্ধান্ত নিলে তাতে খুব বেশি সফল হওয়া যায় না।
আমেরিকান চেম্বার অব কমার্স বাংলাদেশের (অ্যামচেম) সাবেক সভাপতি আফতাবুল ইসলাম অভিযোগ করেন, শিল্পনীতি কোনো আইন না। তাই সরকারের অন্য মন্ত্রণালয় ও সংস্থা এটিকে খুব বেশি গুরুত্ব দিতে চায় না।
এ ছাড়া সভায় ব্যবসায়ী ও উদ্যোক্তারা গ্যাস-বিদ্যুৎ অবকাঠামোসহ শিল্পের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এ সময় তাঁরা বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এসব শিল্পাঞ্চলে গ্যাস, বিদ্যুৎসহ অন্যান্য অবকাঠামোগত সুবিধা