স্থানীয় সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান যাতে সরকারি কাজগুলো পায় সে ব্যাপারে চিন্তাভাবনা চলছে। এ ব্যাপারে তাদের প্রাধান্য দেওয়া হবে। গতকাল মঙ্গলবার ঢাকায় দেশের কম্পিউটার সফটওয়্যার তথা তথ্যপ্রযুক্তি খাতের সবচেয়ে বড় মেলা বেসিস সফটএক্সপো-২০১১ উদ্বোধনের সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা বলেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাঁচ দিনের এ মেলার আয়োজক বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। সহ-আয়োজক বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (্এটুআই) প্রকল্প। উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী মো. ফারুক খান জানান, শুধু সফটওয়্যার খাতে গত অর্থবছরে রপ্তানি আয় ছিল সাড়ে তিন কোটি ডলার। চলতি অর্থবছরে তিন কোটি ৮০ লাখ ডলারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞান ও আইসিটি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে জীবনযাপন বদলানোর ব্যাপারে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। স্থানীয় প্রতিষ্ঠানগুলো যাতে তথ্যপ্রযুক্তির বড় বড় কাজ পেতে পারে, সে জন্য প্রতিযোগিতামূলক সমান সুযোগের পরিবেশ গড়ে তুলতে সরকারের প্রতি আহ্বান জানান বেসিসের সভাপতি মাহবুব জামান। তিনি সফটওয়্যার শিল্পের উন্নয়নের জন্য ৭০০ কোটি টাকার নির্দিষ্ট তহবিল তৈরি করার দাবি জানান। উদ্বোধনী অনুষ্ঠানে এটুআইয়ের জাতীয় প্রকল্প পরিচালক মো. নজরুল ইসলাম খান, গ্রামীণফোন আইটির প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী ইসলাম, মেলার আহ্বায়ক এ কে এম ফাহিম মাশরুর ও বেসিসের মহাসচিব ফোরকান বিন কাশেম বক্তৃতা করেন। মেলায় ১১০টি স্থানীয় ও ১০টি ইউরোপীয় প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। কাজের ধরন অনুযায়ী অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো ভাগ করা হয়েছে। এ ছাড়া পৃষ্ঠপোষক এবং অন্য প্রতিষ্ঠানগুলোর জন্য আছে আলাদা জায়গা।এবারের মেলায় তরুণ উদ্যোক্তাদের অংশগ্রহণ ও তাদের কাজ চোখে পড়ার মতো। অনলাইনে বই কেনার উদ্যোগ যেমন আছে তেমনি আছে অনলাইন শিক্ষার ওয়েবসাইট ‘চ্যাম্পস ২১’। চোখে পড়ছে ভিওআইপি, অফিস পরিচালনা কৌশল ও টেলিযোগাযোগের মতো নানা বিষয়ের সফটওয়্যার ও অন্যান্য সেবা। আজ ও কাল মেলায় থাকছে তথ্যপ্রযুক্তি খাতে চাকরির মেলা। এতে বেশকিছু প্রতিষ্ঠান সরাসরি সাক্ষাৎকার নিয়ে নিয়োগ দেবে। মেলায় প্রবেশ-টিকিটের মূল্য ৩০ টাকা। তবে শিক্ষার্থী ও সংশ্লিষ্ট পেশাজীবীরা পরিচয়পত্র দেখিয়ে বিনা মূল্যে ঢুকতে পারবেন। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে। সফটএক্সপো মেলার ‘প্লাটিনাম পৃষ্ঠপোষক’ গ্রামীণফোন আইটি, ‘গোল্ড পৃষ্ঠপোষক’ রিভ সিস্টেমস এবং সহ-পৃষ্ঠপোষক হিসেবে আছে ব্র্যাক ব্যাংক, বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিল ও মাইক্রোসফট।