সরকারি কার্যালয়ে চেয়ারম্যানের তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের সিভিল সার্জনের কার্যালয়ে লোকবল নিয়োগে অনিয়মের অভিযোগ এনে গতকাল রোববার সকালে ওই কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি খান মুজিবর রহমান। প্রায় তিন ঘণ্টা পর পুলিশের উপস্থিতিতে সহকারী সিভিল সার্জন এ এফ এম রফিকুল হাসান তালা খোলেন।গত শনিবার সিভিল সার্জনের কার্যালয়ে চতুর্থ শ্রেণীর এমএলএসএস, সুইপার ও ঝাড়ুদার পদে ৩০ জন কর্মচারী নিয়োগ দেওয়া হয়। সেখানে উপজেলা চেয়ারম্যানের সুপারিশ করা দুজন প্রার্থী নিয়োগ না পাওয়ায় তিনি ক্ষুব্ধ হন। এদিকে হরিজন সম্প্রদায়ের কিছু নারী-পুরুষ সুইপার ও ঝাড়ুদার পদে তাঁদের সম্প্রদায়ের লোক নিয়োগের দাবিতে গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত শহরে কয়েক দফা মিছিল ও সমাবেশ করেন এবং জেলা প্রশাসককে স্মারকলিপি দেন। উপজেলা চেয়ারম্যান খান মুজিবর রহমান এ সময় তাঁদের সঙ্গে ছিলেন।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা-কর্মচারী বলেন, সকাল ১০টার দিকে খান মুজিবর রহমান ও তাঁর কয়েকজন সহযোগী সিভিল সার্জনের কার্যালয়ে আসেন। তিনি দোতলায় এসে কর্মকর্তা-কর্মচারীদের বেরিয়ে যেতে বলেন এবং কার্যালয়ে তালা ঝোলানোর নির্দেশ দেন।সুইপার ও ঝাড়ুদার পদে দুই ব্যক্তির পক্ষে সুপারিশ করার কথা স্বীকার করে খান মুজিবর রহমান বলেন, ‘বাগেরহাটের সিভিল সার্জন স্বপন কুমার তপাদার আমার সুপারিশ তো রাখেনইনি, এমনকি তিনি হরিজনদের জন্য সংরক্ষিত কোটা পূরণ না করে টাকার বিনিময়ে অন্য সম্প্রদায়ের লোকদের সুইপার ও ঝাড়ুদার পদে চাকরি দিয়েছেন।’সরকারি কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া ঠিক হয়েছে কি না, জানতে চাইলে চেয়ারম্যান বলেন, ‘এমন দুর্নীতিগ্রস্ত অফিস কয়েক দিন বন্ধ থাকলেও কোনো ক্ষতি হবে না।’স্বাস্থ্য বিভাগের খুলনা বিভাগীয় উপপরিচালক আবদুস সামাদ মিঞা নিয়োগে অনিয়মের অভিযোগ অস্বীকার করে বলেন, বিধিসম্মতভাবে এবং সংরক্ষিত সব কোটা মেনে বাগেরহাটের সিভিল সার্জনের কার্যালয়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর মোট ৭১টি পদে নিয়োগ সম্পন্ন হয়েছে। ছুটিতে থাকা সিভিল সার্জন স্বপন কুমার তপাদার এ বিষয়ে কথা বলতে রাজি হননি।